রোনালদোর বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল: এরদোগান
https://parstoday.ir/bn/news/world-i117716-রোনালদোর_বিরুদ্ধে_রাজনৈতিক_নিষেধাজ্ঞা_আরোপ_করা_হয়েছিল_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর কারণে সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর ‘রাজনৈতিক নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছিল।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২২ ০৬:৩০ Asia/Dhaka
  • রোনালদোর বিরুদ্ধে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোর কারণে সাম্প্রতিক বিশ্বকাপ ফুটবলে পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর ‘রাজনৈতিক নিষেধাজ্ঞা’ আরোপ করা হয়েছিল।

তিনি সম্প্রতি তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম প্রদেশে এক যুব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করেন।

এরদোগান বলেন, সাম্প্রতিক বিশ্বকাপে রোনালদোর প্রতিভা ‘নষ্ট’ করা হয়েছে।  তুর্কি প্রেসিডেন্ট বলেন, “ওরা রোনালদোকে নষ্ট করেছে। এটা দুর্ভাগ্যের। ওর ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রোনালদোর মতো ফুটবলারকে বসিয়ে রাখা এবং ম্যাচের ৩০ মিনিট বাকি থাকতে নামানো অপমানের শামিল। এটা করাই হয়েছে রোনালদোকে মানসিক ধাক্কা দিতে। ”

এরদোগান বলেন, “রোনালদো এমন একজন মানুষ যিনি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছেন।” রোনালদোকে সম্প্রতি শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে শুরুতে মাঠে নামানো হয়নি। পরে তিনি মাঠে নামলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত ক্রিশ্চিয়ানো রোনালদোর বিভিন্ন বক্তব্যে ফিলিস্তিনের প্রতি এই ফুটবল তারকার সংহতি ফুটে উঠেছে।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।