ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করতে চায় আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i119570-ইউক্রেনে_আবার_নিজের_গোপন_সামরিক_কর্মসূচি_শুরু_করতে_চায়_আমেরিকা
ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিতে কংগ্রেস সদস্যদের রাজি করানোর জন্য এরইমধ্যে প্রচেষ্টা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ০৭:০০ Asia/Dhaka
  •  ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করতে চায় আমেরিকা

ইউক্রেনে আবার নিজের গোপন সামরিক কর্মসূচি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। ওই কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দিতে কংগ্রেস সদস্যদের রাজি করানোর জন্য এরইমধ্যে প্রচেষ্টা শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর- পেন্টাগন।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনে গোপন কর্মসূচি পরিচালনা করতে যে বাজেট প্রয়োজন তা নির্বাহী আদেশে প্রেসিডেন্টের পক্ষে দেয়া সম্ভব নয়। সে কারণে কংগ্রেস সদস্যদের রাজি করিয়ে ওই বাজেট আদায় করতে চায় পেন্টাগন।

প্রায় এক বছর আগে রাশিয়া ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করার পর ওই গোপন সামরিক কর্মসূচি বন্ধ করে দিয়েছিল আমেরিকা।

মার্কিন প্রশাসনের অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কংগ্রেস বাজেট বরাদ্দ দিলে মার্কিন কমান্ডোরা ইউক্রেনের কর্মী নিয়োগ দিয়ে রাশিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণ করতে পারবে। সূত্রটি বলেছে, ইউক্রেনে পরিচালিত ওই গোপন কর্মসূচিকে ‘অনিয়মিত যুদ্ধ’ বলে অভিহিত করা হচ্ছে। ওয়াশিংটন যেসব শত্রুর সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে জড়িত নয় তাদের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনা করা হয়।

পেন্টাগন তার এই কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু করে দিলেও কংগ্রেস আগামী শরতের আগে হয়তো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তবে ওই গোপন কর্মসূচি পরিচালনা করতে পেন্টাগন দৃঢ় প্রত্যয়ী হলেও বাইডেন প্রশাসনের অনেক কর্মকর্তা মনে করছেন, ইউক্রেনে যখন রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলছে তখন সেদেশে এ ধরনের কর্মসূচি পরিচালনা করতে যাওয়ার অর্থ হবে রাশিয়ার সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যাওয়া।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।