'পারিবারিক প্রথাকে দুর্বল করার কোন তৎপরতা সহ্য করা হবে না'
ইস্তাম্বুলে সমকামীদের সমাবেশ, ১১৩ ব্যক্তি আটক
তুরস্কের ইস্তাম্বুল শহরে আয়োজিত সমকামীদের একটি সমাবেশ থেকে কয়েক ডজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ইস্তাম্বুলের গভর্নর দাউদ গুল জানিয়েছেন, আটকের সংখ্যা একশর বেশি হবে।
গতকাল (রোববার) তুর্কি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমকামীরা এই সমাবেশের আয়োজন করে।
দাউদ গুল তার টুইটার পেইজে দেয়া পোস্টে বলেছেন, "পরিবার প্রথা এবং আমাদের জাতীয় ও নৈতিক মূল্যবোধ জীবিত রাখার ওপর আমাদের জাতির ভবিষ্যৎ নির্ভর করছে।" তিনি অঙ্গীকার করে বলেন, পারিবারিক প্রথাকে দুর্বল করে দেয় এমন কোন তৎপরতা সহ্য করা হবে না। গভর্নর গুল জানান, যে ১১৩ ব্যক্তি অপপ্রচার চালানোর জন্য এই ধৃষ্টতাপূর্ণ কাজে অংশ নিয়েছিল তাদের সবাইকে আটক করা হয়েছে।
গতকাল এইসব সমকামী ইস্তাম্বুলের ঐতিহাসিক ইস্তিকলাল সড়কে সমাবেশের জন্য জড়ো হলে পুলিশ ওই সড়ক বন্ধ করে দেয়। সমকামীদের এই সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির কারণে ইস্তালাম্বুলের কয়েকটি মেট্রো লাইনে ট্রেন চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ থাকে। এ খবর দিয়েছে তুরস্ক জমহুরিয়াত পত্রিকা।
অনুষ্ঠানের আয়োজকরা পুলিশি বাধা এবং আটক অভিযানের নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, "এই ধরনের বিদ্বেষ ও অস্বীকৃতি জানানোর রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করছি।" অনুষ্ঠানের আয়োজকরা তুরস্কে সমকামিতার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#
পার্সটুডে/এসআইবি/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।