কাবুলে তালেবানের আত্মঘাতী হামলায় ১৪ নেপালি নিরাপত্তা কর্মী নিহত
-
বোমা হামলায় বিধ্বস্ত বাস
আফগানিস্তানের রাজধানী কাবুলে নেপালি নিরাপত্তা বাহিনীর একটি বাসে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় চার আফগান ও পাঁচ নেপালি নাগরিক আহত হয়েছেন।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ (সোমবার) সকাল ৬টার দিকে বানায়ে শহরের পুল-এ চারখিল মহাসড়কে এই আত্মঘাতী হামলা হয়। বাসটিতে নেপালি নিরাপত্তারক্ষী বাহিনীর সদস্যরা ছিল।
কাবুলের পুলিশ প্রধান আব্দুর রহমান রাহিমি জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারী নেপাল ও আফগান নিরাপত্তা ঠিকাদারদের দপ্তরের কাছে ওঁৎ পেতে ছিল। মিনিবাসটি কাছাকাছি আসতেই সে বিস্ফোরণ ঘটায়। এতে বাসটির যাত্রীরা ছাড়াও পাশের একটি বাজারের লোকজনও আহত হন।
টুইটারে দেয়া বিবৃতিতে ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান সন্ত্রাসীরা। পবিত্র রমজান মাসে আফগানিস্তানে এটাই প্রথম তালেবান হামলা।
গতকাল রোববার আফগান নিরাপত্তা বাহিনী ১৩ দায়েশসহ ২৪ সন্ত্রাসীকে হত্যা করে। এর প্রতিশোধ হিসেবেই এই হামলা হয়েছে কিনা বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি।
এর আগে, গত ৩১ মে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলায় কয়েকটি বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে ১৬ জনকে গুলি করে হত্যা করে তালেবান সন্ত্রাসীরা। একই মাসে কাবুলে আফগানিস্তানের আইন ও বিচার মন্ত্রণালয়ের কর্মীদের বহনকারী একটি বাসে তালেবান বোমা হামলায় কয়েকজন নিহত হয়। এরপর ১ জুন গজনি শহরের আদালত প্রাঙ্গণে আরেকটি হামলা চালায় তারা।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২০