আসাদের ওপর সামরিক হামলার প্রস্তাব নাকচ করল আমেরিকা
-
হোয়াইট হাউজ মুখপাত্র জোশ আর্নেষ্ট
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর কূটনীতিকদের প্রস্তাবকে নাকচ করে দিয়েছে আমেরিকা। সিরিয়ায় এই ধরণের হামলার মাধ্যমে আমেরিকার সর্বোচ্চ স্বার্থ রক্ষা হবে না বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে।
বাশার আসাদ সরকারের ওপর সামরিক হামলা চালানোর আহ্বান জানিয়ে ৫১ জন কূটনীতিক অভ্যন্তরীণ একটি দলিলে সই করার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করেন হোয়াইট হাউজের মুখপাত্র জোশ আর্নেস্ট। সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে যেকোনোভাবে সফল হওয়ার কোনো রকম অপরিপক্ক সিদ্ধান্ত না নেয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতিবদ্ধ বলে গতকাল (বুধবার) এক বিবৃতিতে জানান তিনি।
সিরিয়ার বিরুদ্ধে যেকোনো ধরণের সামরিক হামলার ফলে সেখানে অস্পষ্ট ফলাফল বয়ে আনবে বলেও আর্নেস্ট তার বিবৃতিতে উল্লেখ করেন। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ওই কূটনীতিকদের আটজনের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বের হয়েছে।
চলতি বছরের শেষের দিকে ওবামার ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগেই সিরিয়ার সংকট অবসানের লক্ষ্যে সেখানে মার্কিন সামরিক হামলার বিষয়টি খতিয়ে দেখতে কেরি এবং ওই কূটনীতিকদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ঐক্যমতের সরকার গঠনের ধারণা মেনে নিতে জন কেরি এতদিন যাবৎ যে দাবি জানিয়ে আসছেন তা মার্কিন কূটনৈতিকদের আহ্বানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৩