ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে হবে: ব্রিটেন
'ইউক্রেনকে দেয়ার মতো গোলাবারুদ ফুরিয়ে এসেছে'
মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো ও ব্রিটেন জানিয়েছে, ইউক্রেনকে দেয়ার মতো গোলাবারুদের মজুদ ফুরিয়ে এসেছে।
গত দেড় বছরে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন হাজার হাজার গোলা খরচ করছে ইউক্রেন বাহিনী। এই গোলাবারুদের বেশিরভাগ সরবরাহ করছে ন্যাটো।
পোল্যান্ডের রাজধানী ওয়ারশ’তে চলমান ওয়ারশ’ নিরাপত্তা ফোরামে মঙ্গলবার ন্যাটোর সর্বোচ্চ সামরিক কর্মকর্তা অ্যাডমিরাল রব বাউয়ার বলেন, “পাত্রের তলার অংশটা এখন দেখা যাচ্ছে।” তিনি আরও দ্রুত গতিতে অস্ত্র উৎপাদনের জন্য পশ্চিমা দেশগুলোর সরকার ও সমরাস্ত্র উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানান।
ফোরামে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপ্পি বলেন, পশ্চিমা সামরিক বাহিনীর গোলাবারুদের মজুদ কিছুটা কম বলে মনে হচ্ছে। তবে তা সত্ত্বেও ইউক্রেনকে সহায়তা চালিয়ে যেতে হবে। পশ্চিমারা থেমে যাওয়া মানে এই নয় যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও থেমে যাবেন।
ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করার পর থেকে ইউক্রেনকে ৩ লাখের বেশি কামানের গোলা দিয়েছে তারা। চলতি বছরের শেষ নাগাদ দেশটিকে আরও কয়েক হাজার গোলা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ সরকার। আর একই সময়ে ইউক্রেনকে ২০ লাখের বেশি কামানের গোলা দেয়ার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।#
পার্সটুডে/এমএমআই/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।