ব্রিটিশ মন্ত্রিসভা: সরে গেলেন ফিলিস্তিনবিরোধী স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী হলেন ক্যামেরন
-
সুয়েলা ব্রেভারম্যান
ফিলিস্তিনবিরোধী ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। শুরু থেকেই ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সমালোচনা করে আসছেন ব্রেভারম্যান।
অবশ্য ব্রিটিশ সরকারও প্রথম থেকেই সরাসরি দখলদার ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী যুদ্ধের শুরুর দিকে ইসরাইল সফর করে ফিলিস্তিনিদের মোকাবেলায় ইহুদিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
সুয়েলা ব্রেভারম্যান সমালোচিত হওয়ার পর আজ তাকে বরখাস্ত করে পররাষ্ট্রমন্ত্রীকে এই পদে বসানো হয়েছে। সম্প্রতি ব্রেভারম্যান একটি নিবন্ধ লিখেছেন, যাতে তিনি অভিযোগ করেছেন, ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের প্রতি মেট্রোপলিটন পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি।
এর আগেও মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্রেভারম্যান। একজন কট্টর অভিবাসীবিরোধী হিসেবে তিনি পরিচিতি। বরখাস্ত হওয়া সুয়েলা ব্রেভারম্যানের স্থলে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে আনা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্য সংকটসহ নানা ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। বিশ্বজুড়ে বড় এই পরিবর্তনের সময়ে মিত্রদের পাশে দাঁড়ানো, অংশীদারত্ব শক্তিশালী করা এবং আমাদের মতামতগুলো সবার কাছে পৌঁছানো নিশ্চিত করা আমাদের দেশের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।'#
পার্সটুডে/এসএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।