‘তুরস্ক নিজের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে রাশিয়াকে’
https://parstoday.ir/bn/news/world-i13705-তুরস্ক_নিজের_বিমানঘাঁটি_ব্যবহার_করতে_দেবে_রাশিয়াকে’
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হতে পারে। এর ফলে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাতে পারবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৬ ১৩:০৬ Asia/Dhaka
  • তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি
    তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমানঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়া হতে পারে। এর ফলে সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সন্ত্রাসীদের বিরুদ্ধে রাশিয়া বিমান হামলা চালাতে পারবে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি-কে দেয়া সাক্ষাৎকারে চাভুসওগ্লু বলেন, “দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যারাই সক্রিয়ভাবে যোগ দিতে চায় তাদের জন্য আংকারা ইনজারলিক বিমানঘাঁটি খোলা রেখেছে।”

চাভুসওগ্লু প্রশ্ন রেখে বলেন, “কেন রাশিয়ার সঙ্গে সহযোগিতা নয়? তুরস্ক এ ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। সন্ত্রাসবাদ হচ্ছে আমাদের অভিন্ন শত্রু। নেতিবাচক ঘটনা এড়ানোর জন্য যৌথ প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বিষয়।” রাশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হওয়ার কয়েকদিন পর চাভুসওগ্লু এসব কথা বললেন। সিরিয়া সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে তুরস্কের ইনজারলিক বিমানঘাঁটি। বর্তমানে সেখানে আমেরিকা, জার্মানি, ব্রিটেন, সৌদি আরব ও কাতারের যুদ্ধবিমান রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪