কাতিফ, জেদ্দা ও মদীনায় বোমা হামলার কঠোর নিন্দা জানাল ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবের কাতিফ, জেদ্দা এবং পবিত্র নগরী মদীনায় ধারাবাহিক বোমা হামলার কঠোর নিন্দা করেছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (মঙ্গলবার) এ নিন্দা জানান।
তিনি বলেন, সন্ত্রাসবাদের কোনো সীমান্ত বা জাতীয়তা নেই। আন্তর্জাতিক ও আঞ্চলিক সচেতনতা এবং সংহতি তৈরি করা ছাড়া এর কোনো সমাধানও নেই বলে জানান তিনি। ইরান সব ধরণের সন্ত্রাসবাদের নিন্দা জানায় উল্লেখ করে তিনি বলেন, সন্ত্রাসবাদের উৎস এবং কারণের বিরুদ্ধে সব দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফও টুইট বার্তায় বলেন, কোনো রেড লাইন আর নেই যা সন্ত্রাসবাদীরা অতিক্রম করে নি।
পবিত্র মদীনায় মসজিদে নববীর পাশে সৌদি নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরের কাছে বোমা বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারীসহ পাঁচজন নিহত হয়েছে। এরমধ্যে চারজন হচ্ছে সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্য। একইদিন সন্ধ্যার দিকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ শহরের একটি শিয়া মসজিদে দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে তারা এক ব্যক্তির দেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছেন। এছাড়া, সোমবার দিনের প্রথম ভাগে সৌদি আরবের জেদ্দায় মার্কিন কন্স্যুলেটে বোমা বিস্ফোরণে হামলাকারী নিহত ও দুই পুলিশ আহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/৫