চীনে প্রবল বন্যা: নিখোঁজ বা নিহত ১১২
https://parstoday.ir/bn/news/world-i13777-চীনে_প্রবল_বন্যা_নিখোঁজ_বা_নিহত_১১২
চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে প্রবল বন্যায় অন্তত ১১২ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে। এ ছাড়া, ওইসব অঞ্চলে সামুদ্রিক ঝড় টাইফুন আঘাত হানবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার আশংকা রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৫, ২০১৬ ১৩:২৩ Asia/Dhaka
  • চীনে প্রবল বন্যা: নিখোঁজ বা নিহত ১১২

চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলে গত কয়েকদিনে প্রবল বন্যায় অন্তত ১১২ জন মারা গেছে বা নিখোঁজ রয়েছে। এ ছাড়া, ওইসব অঞ্চলে সামুদ্রিক ঝড় টাইফুন আঘাত হানবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করার আশংকা রয়েছে।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলেছে, বন্যায় প্রায় এক কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় চীনের দীর্ঘতম নদী ইয়াংজি’র দু'কূলবর্তী বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছে, প্রাকৃতিক দুর্যোগে প্রায় ১৮০ ব্যক্তি মারা গেছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, আগামী শুক্রবার ওই এলাকায় টাইফুন আঘাত হানবে। এতে সাংহাইয়ের কাছাকাছি তাইহু হ্রদের কাছে বন্যা পরিস্থিতি মারাত্মক হয়ে উঠতে পারে। এরইমধ্যে ওই এলাকার পানির উচ্চতা ১৯৫৪ সালের পর সবচেয়ে বেশি হয়েছে।

চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় বলেছে, সোমবারের মধ্যে প্রায় ১ লাখ ৫৮ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থনৈতিকভাবে ক্ষতির  পরিমাণ ২০.৪৩ বিলিয়ন ইউয়ান বলে উল্লেখ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫