আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি নিয়ে ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেসিডেন্ট গনি
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তানে ব্যাপক সংখ্যক আমেরিকান সেনা উপস্থিতি বজায় রাখার যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। নিজের অফিসিয়াল টুইট একাউন্টে দেয়া বার্তায় এ প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট গনি।
বার্তায় তিনি বলেন, আফগানিস্তান ৮৪০০ মার্কিন সেনা মোতায়েন রাখার প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি এ সিদ্ধান্তকে দুই দেশের অভিন্ন স্বার্থে অব্যাহত অংশীদারিত্ব হিসেবে উল্লেখ করেন।
এর আগে হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে চলতি বছরের শেষে আফগানিস্তানে ৮৪০০ সেনা মোতায়েন রাখা হবে বলে ঘোষণা করেন ওবামা। দেশটিতে যে সেনা মোতায়েন রাখা হবে বলে গত বছর প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন এ সংখ্যা তার চেয়ে প্রায় তিন হাজার বেশি।
বর্তমানে আফগানিস্তানে ৯৮০০ মার্কিন সেনা রয়েছে। এ সব সেনা প্রধানত আফগান সেনাবাহিনীকে প্রশিক্ষণের সঙ্গে জড়িত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/৭