আমেরিকার ডালাসে স্নাইপারের গুলিতে ৪ পুলিশ নিহত, আহত ৭
https://parstoday.ir/bn/news/world-i13972-আমেরিকার_ডালাসে_স্নাইপারের_গুলিতে_৪_পুলিশ_নিহত_আহত_৭
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক বিক্ষোভে স্নাইপার রাইফেলের গুলিতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হয়েছিলেন। সম্প্রতি মিনেসোটার বাসিন্দা ফিলান্ডো ক্যাসটাইল ও লুইজিয়ানার অ্যালটন স্টারলিং নামের দুই কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডালাসের বাণিজ্যিক অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৮, ২০১৬ ০৭:১৫ Asia/Dhaka
  • সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে ডালাস পুলিশ
    সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে ডালাস পুলিশ

আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে এক বিক্ষোভে স্নাইপার রাইফেলের গুলিতে চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। ওই হামলায় মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হয়েছিলেন। সম্প্রতি মিনেসোটার বাসিন্দা ফিলান্ডো ক্যাসটাইল ও লুইজিয়ানার অ্যালটন স্টারলিং নামের দুই কৃষ্ণাঙ্গ পুলিশের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ডালাসের বাণিজ্যিক অঞ্চলে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় সেখানে মোতায়েন থাকা পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে দূর থেকে গুলি চালায় সন্দেহভাজন দুই বন্দুকধারী। এতে মোট ১১ পুলিশ গুলিবিদ্ধ হন যাদের মধ্যে চার জন পরে মারা যান।

ডালাস শহরের পুলিশপ্রধান ডেভিড ব্রাউন এক বিবৃতিতে বলেন, বিক্ষোভে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকে লক্ষ্য করে দুটি স্নাইপার থেকে গুলি চালানো হয়। গুলিবিদ্ধ চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অপারেশন হয়েছে, তিনজনের অবস্থা গুরুতর।

তিনি আরো বলেন, হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কয়েকজনকে এরই মধ্যে আটক করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে একজনের ছবি ইতোমধ্যে টুইটারে প্রকাশ করা হয়েছে। এ ঘটনার পর ইন্টারনেটে প্রকাশিত ভিডিওতে গোলাগুলির আওয়াজ শোনা যায়।

বুধবার মিনিয়াপলিস এলাকায় কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেলে নতুন করে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

ডালাসে বিক্ষোভ

ফিলান্ডো ক্যাস্টিল (৩২) নামের ওই যুবককে পুলিশ গুলি করার পরপরই তার সঙ্গে থাকা এক নারী ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দাবি করেন, যথাযথ কারণ ছাড়াই পুলিশ তার বন্ধুকে গুলি করেছে।

ক্যাস্টিলের মা ভালেরি ক্যাস্টিল সিএনএনকে বলেন, আমি এই জীবনে একবারের জন্যও ভাবিনি আমার ছেলেকে এমন ব্যক্তিরা হত্যা করতে পারে যাদের দায়িত্ব আসলে তাকে সুরক্ষা করা ও সেবা দেয়া।

আমেরিকার ফার্গুসন, মিসৌরি, বাল্টিমোর ও নিউ ইয়র্কে গত দুই বছরে শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের মৃত্যুর ঘটনা ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, ক্যাস্টিলকে নিয়ে চলতি বছর এখন পর্যন্ত আমেরিকায় পুলিশের গুলিতে ৫০৬ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১২৩ জন কৃষ্ণাঙ্গ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণে বলেন, কৃষ্ণাঙ্গ মার্কিনিদের হত্যার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। ওই সময় তিনি পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ হত্যার অধিক হারের বিষয়টিও তুলে ধরেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮