একদিনেই ৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
-
উত্তর কোরিয়ার একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র(ফাইল ছবি)
উত্তর কোরিয়া আজ একসঙ্গে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। জাপান সাগরে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনা কর্মকর্তারা জানিয়েছেন। স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪০ মিনিটের মধ্যে এসব পরীক্ষা চালানো হয়।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাওয়াংজু নগরী থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোঁড়া হয়েছে। আমেরিকা বলেছে, নিক্ষিপ্ত দু’টি ক্ষেপণাস্ত্র ক্ষুদ্রপাল্লার স্কাড এবং একটি মধ্যপাল্লার রোডোং ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। স্কাড ক্ষেপণাস্ত্র দিয়ে ৫০০ থেকে ৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা করা যেতে পারে বলে আলাদা এক খবরে দাবি করা হয়েছে। অর্থাৎ এগুলো দিয়ে বুসানসহ দক্ষিণ কোরিয়ার যেকোনো স্থানে হামলা করা সম্ভব।
কোরিয় উপদ্বীপে আমেরিকা অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে সরেজমিনে হামলা করে তার প্রতিশোধ নেয়া হবে বলে উত্তর কোরিয়া হুমকি দেয়ার পর দেশটি এ তিন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।
এর আগে দক্ষিণ কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়া পঞ্চম পরমাণু পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/১৯