মার্কিন নৌ টহল ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে: বেইজিং
দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেইজিং। ওই সাগরে চীনের সামরিক মহড়া শুরুর আগে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ডেপুটি চিফ অব জয়েন্ট স্টাফ অ্যাডমিরাল সান জিয়ানগুও।
রুদ্ধদ্বার এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে অবাধ নৌ চলাচলের পথে কখনোই বাধা সৃষ্টি করা হয় নি। কিন্তু তা সত্ত্বেও সামরিক আগ্রাসনের ফলাফল হবে মারাত্মক।
সাম্প্রতিক মাসগুলোতে পেন্টাগন কথিত অবাধ চলাচলের নামে দক্ষিণ চীন সাগরের স্পার্টলি দ্বীপপুঞ্জের ১২ মাইলের মধ্যে কয়েক দফা নৌবাহিনীর টহল জাহাজ পাঠিয়েছে। এ এলাকায় চীনের ভূমি পুনুরুদ্ধার প্রকল্প চলছে। মার্কিন নৌবাহিনীর এমন তৎপরতার প্রতি ইংগিত করে এ সব কথা বলেন অ্যাডমিরাল জিয়ানগুও।
তিনি আরো বলেন, কোনো চালাকি না করলে দক্ষিণ চীন সাগরে কখানোই অবাধ চলাফেরার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি হবে না। অবশ্য চীন বরাবরই অবাধে সামরিক জাহাজ চলাচলের বিরোধিতা করে আসছে বলে জানান তিনি। এ ধরনের তৎপরতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৯