তুর্কি সীমান্ত দিয়ে অন্তত ৫০০০ সন্ত্রাসী ঢুকেছে: প্রেসিডেন্ট আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, গত দুই মাসে তুর্কি সীমান্ত দিয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী আলেপ্পোতে পাঁচ হাজারের বেশি সন্ত্রাসী ঢুকেছে। সিরিয়ার সংঘাত উস্কে দিতে বিদেশি শক্তিগুলোর ভূমিকার কথা তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।
কিউবার সরকারি সংবাদ সংস্থা প্রিনসা লাতিনাকে বৃহস্পতিবার দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। আসাদ আরো বলেন, সিরিয়ার যুদ্ধে কাতার এবং সৌদি আরব তাদের হাতের বেশির ভাগ কার্ডকে হারিয়েছে। বর্তমানে তাদের হাতে কেবলমাত্র আলেপ্পো কার্ডটিই অবশিষ্ট রয়েছে।
প্রেসিডেন্ট আসাদ আরো বলেন, তারা গত দু’মাসে আলেপ্পো নগরী আবার দখল করতে প্রাণপণে চেষ্টা করেছে। যত বেশি সম্ভব সন্ত্রাসী তারা পাঠিয়েছে এবং এ সংখ্যা পাঁচ হাজারের বেশি হবে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় সেনাবাহিনীর অগ্রাভিযানের কথা তুলে ধরেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, সন্ত্রাসীদের ঘেরাও করে ফেলার লক্ষ্যে আলেপ্পো এবং এর চারপাশে অগ্রাভিযান অব্যাহত রেখেছে সিরিয় বাহিনী।
তিনি বলেন, সিরিয়ায় তৎপর সন্ত্রাসীরা বিশ্বের নানা দেশ থেকে মদদ পাচ্ছে। পাশাপাশি তিনি সিরিয়ার সশস্ত্র বাহিনীর সমর্থনে রাশিয়ার বিমান অভিযানকে স্বাগত জানান। প্রেসিডেন্ট আসাদ বলেন, এতে সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয় বাহিনীর অগ্রভিযানে সুবিধা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২২