মিউনিখে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ ব্যক্তি নিহত
জার্মানির মিউনিখ নগরীতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। এ নগরীর গুরুত্বপূর্ণ বিপণী কেন্দ্র মিউনিখ অলিম্পিয়া শপিং সেন্টারের একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। মিউনিখ পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় এ ঘটনা ঘটেছে।
কোনো কোনো সংবাদ মাধ্যম ১০ ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে। অবশ্য অন্তত ৯ ব্যক্তি নিহত এবং ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বিপণী কেন্দ্র পুলিশি অভিযান চলছে উল্লেখ করে জনসাধারণকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। মিউনিখ পুলিশের অফিসিয়াল টুইটার একাউন্টে দেয়া বার্তায় এ আহ্বান জানানো হয়। এ ছাড়া, নিরাপত্তা বাহিনী বিশাল এলাকা ঘিরে রেখেছে এবং ওই এলাকায় ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না।
বন্দুকধারী ওই এলাকা থেকে পালিয়ে যেতে পেরেছে বলে ধারণা করা হচ্ছে। এখনো হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায় নি। অবশ্য অসমর্থিত খবরে দাবি করা হচ্ছে যে এ ঘটনায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল।
এদিকে, গত সোমবার ১৭ বছর বয়সী এক শরণার্থী কুঠার এবং ছুরি নিয়ে মিউনিখের ট্রেন যাত্রীদের ওপর হামলা করেছিল। হামলায় এক মহিলাসহ পাঁচ ব্যক্তি আহত হয়েছিল। পরে পুলিশের গুলিতে প্রাণ হারায় হামলাকারী ।#
পার্সটুডে/মূসা রেজা/২৩