রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এটি পশ্চিমা দেশগুলোর অন্যতম বৃহৎ ড্রোন অর্ডার
ইউক্রেনের জন্য ৫০ হাজার ড্রোন কিনতে জার্মান বাজেট বরাদ্দ
-
ইউক্রেনের জন্য ৫০ হাজার ড্রোন কিনতে জার্মান বাজেট বরাদ্দ
পার্সটুডে: জার্মানি প্রায় নয় কোটি ইউরো বরাদ্দ করেছে ইউক্রেনের জন্য ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন কেনার জন্য।
রয়টার্স-এর বরাত দিয়ে রোববার ইরনা জানায়, একটি অবগত সূত্রের মতে, জার্মান সরকার ইউক্রেনের জন্য ৫০ হাজার আক্রমণাত্মক ড্রোন কেনার ব্যয় বহন করছে। প্রায় নয় কোটি তথা ৯০ মিলিয়ন ইউরো (১০৩ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের এই চুক্তিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে পশ্চিমা দেশগুলোর অন্যতম বৃহৎ ড্রোন অর্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই অর্ডারের আওতায় ফার্স্ট-পার্সন ভিউ (FPV) ধরনের স্ট্রাইক ড্রোন রয়েছে, যা ইউক্রেনের বৃহৎ কোম্পানি স্কাইফল (Skyfall) তৈরি করছে। এসব ড্রোনে যুক্তরাষ্ট্রের অটেরিয়ন (Auterion) কোম্পানির সফটওয়্যার ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ড্রোন উড্ডয়নের শেষ পর্যায়ে স্বয়ংক্রিয়ভাবে চলমান লক্ষ্যবস্তু শনাক্ত, অনুসরণ এবং আঘাত হানতে সক্ষম।
অটেরিয়নের প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জ মেয়ার চুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এই ড্রোনগুলোর একটি অংশ ইতোমধ্যে ইউক্রেন সরকারকে সরবরাহ করা হয়েছে এবং অবশিষ্ট ড্রোনগুলো চলতি বছরের শেষ নাগাদ পাঠানো হবে।
এদিকে, স্কাইফল কোম্পানিও এই চুক্তিতে জার্মানির ভূমিকা নিশ্চিত করেছে। তবে তারা ক্রয়সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। একইভাবে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও অপারেশনাল নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। #
পার্স টুডে/এমএএইচ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।