গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি শহীদ
https://parstoday.ir/bn/news/world-i153498-গাজায়_ইসরায়েলি_নৃশংস_হামলায়_গত_২৪_ঘণ্টায়_অন্তত_১০০_ফিলিস্তিনি_শহীদ
পার্সটুডে: গাজায় যুদ্ধ-বিরতি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে প্রায়ই যুদ্ধ-বিরতির শর্তগুলোর ব্যাপক লঙ্ঘন অব্যাহত রেখেছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
অক্টোবর ২৯, ২০২৫ ১০:৩৫ Asia/Dhaka
  • যুদ্ধ-বিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে গণহত্যা ও হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা
    যুদ্ধ-বিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় নতুন করে গণহত্যা ও হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনারা

পার্সটুডে: গাজায় যুদ্ধ-বিরতি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে প্রায়ই যুদ্ধ-বিরতির শর্তগুলোর ব্যাপক লঙ্ঘন অব্যাহত রেখেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নতুন করে গাজায় হামলার নির্দেশ দেয়ার পর কেবল গতকাল মঙ্গলবারই অন্তত ১০০ জন ফিলিস্তিনি গাজায় শহীদ হয়েছেন। হামাস কর্তৃপক্ষ গাজায় নিহত ইসরায়েলি সেনাদের লাশ হস্তান্তরে বিলম্ব করছে এই অজুহাত দেখিয়ে সেখানে হামলা চালানোর নির্দেশ দেয় নেতানিয়াহু। এর আগে একই অজুহাতে গাজায় জাতিসংঘের ত্রাণ সরবরাহের ট্রাকের সংখ্যা ৬০০ থেকে কমিয়ে ৩০০-তে আনতে বাধ্য করে ইসরায়েল। 

গাজার আবাসিক এলাকাগুলোর ইসরায়েলি বোমা বর্ষণে অন্তত ৩৭ জন ফিলিস্তিনি শহীদ হন বলে এক প্রাথমিক খবরে জানিয়েছিল গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর।  

হামাস বলে আসছে তারা এ পর্যন্ত অনেক ইসরায়েলির লাশ হস্তান্তর করেছে, কিন্তু ধ্বংসস্তূপের নীচ থেকে লাশ উদ্ধারের প্রয়োজনীয় সাজ-সরঞ্জামের অভাবে ও ইসরায়েলের পক্ষ থেকে এ ধরনের সাজ-সরঞ্জাম পৌঁছতে বাধা দেয়ার কারণে ওইসব লাশ উদ্ধারের কাজে বিলম্ব ঘটছে। ইসরায়েলি বন্দিদের অনেকেই নিহত হন ইসরায়েলি বোমা হামলার কারণেই। 

হামাস ইসরায়েলি লাশ উদ্ধারে ইসরায়েলি বাধাদান, অন্যায় অভিযোগ উত্থাপন ও হামলার প্রতিবাদে লাশ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত রাখার ঘোষণা দিয়েছে।

এদিকে সবশেষে পাওয়া এক খবরে জানা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ গাজায়া আবারও যুদ্ধ-বিরতি বহাল রাখতে ইসরায়েলি সেনাদের প্রতি নির্দেশ দিয়েছে। এরি মধ্যে নতুন করে ইসরায়েলি হামলা শুরুর খবর এসেছিল। ইসরায়েলি সেনারা হলুদ-রেখা অতিক্রম করে গাজায় ঢুকে পড়ার চেষ্টা করে এবং তাদেরকে বাধা দেয় হামাসের অনুগত আল-কাসসাম ব্রিগেডের সেনারা।

হামাস গাজায় যুদ্ধ-বিরতি মেনে চলতে ইসরায়েলকে বাধ্য করার জন্য চুক্তিতে মধ্যস্থতাকারী সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যার মধ্যে রয়েছে মার্কিন সরকার, মিশর ও কাতার। #  

 

পার্স টুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।