আমেরিকা ও ভেনিজুয়েলার মধ্যে উত্তেজনা বৃদ্ধি; বিমান হুমকি থেকে সামরিক পরিস্থিতি
-
মার্কিন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা কি সংঘর্ষের পথে?
পার্সটুডে-বিশ্লেষকরা ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং ভেনিজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের মৌখিক হুমকিকে ২০১৯ সালের পর থেকে সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা বলে মনে করেন।
সরেজমিন বিশ্লেষণাত্মক প্রতিবেদন অনুসারে, ভেনিজুয়েলার কাছে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধির কারণে ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে উত্তেজনা একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা "বন্ধ" ঘোষণা করেছেন এবং বিমান সংস্থা ও "চোরাচালানকারীদের" সতর্ক করে একটি বার্তা দিয়েছেন। এটি এমন এক সময়ে এসেছে যখন ফ্লাইট ট্র্যাকিং ডেটা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন যুদ্ধবিমান এবং বোমারু বিমান দ্বারা সিমুলেটেড বিমান হামলার ইঙ্গিত দেয়।
পার্সটুডে অনুসারে, মার্কিন সংবাদমাধ্যম এই অঞ্চলে দেশটির নৌবহরের এক-তৃতীয়াংশ মোতায়েনের খবর দিয়েছে। নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল ট্রাম্প এবং মাদুরোর মধ্যে একটি গোপন ফোনালাপের খবর দিয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে সামরিক হামলার হুমকি দিয়েছেন। একই সময়ে, মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের এ অঞ্চলে সফর সংকটের সংবেদনশীলতা আরও বাড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকরা ল্যাটিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের ইতিহাস উদ্ধৃত করে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের দাবিকে রাজনৈতিক লক্ষ্য আড়াল করার কৌশল বলে মনে করেন। ভেনিজুয়েলায় নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত চার্লস শাপিরো জোর দিয়ে বলেছেন: "ভেনিজুয়েলায় কোকেন উৎপাদিত হয় না এবং মূল লক্ষ্য হল মাদুরোর ওপর চাপ সৃষ্টি করা।"
ভেনিজুয়েলা মার্কিন পদক্ষেপগুলোকে "ঔপনিবেশিক হুমকি" বলে অভিহিত করেছে। এদিকে মাদুরো দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ওপর ব্যাপক গুরুত্বারোপ করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে উত্তেজনা বৃদ্ধি আঞ্চলিক নিরাপত্তা এবং বিশ্ব তেল বাজারের জন্য সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে। মনে হচ্ছে ওয়াশিংটন মাদক ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মাদুরো সরকারের জন্য বৈধতা সংকট তৈরি করতে এবং ওই অঞ্চলে তার ভূ-রাজনৈতিক স্বার্থ সুনিশ্চিত করতে চাচ্ছে।#
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।