ট্রাম্পকে মার্কিন বিশ্লেষক: তুমি যেভাবে চিন্তা করছো বিশ্ব সেভাবে চলে না
-
যুক্তরাষ্ট্রের বিশ্লেষক ডেভিড ইগনাতিয়ুস
পার্সটুডে- যুক্তরাষ্ট্রের বিশ্লেষক ডেভিড ইগনাতিয়ুস ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসনকে ইরাক ও আফগানিস্তানে ওয়াশিংটনের ভুলের পুনরাবৃত্তি হিসেবে অভিহিত করেছেন।
পার্সটুডে জানিয়েছে, মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর বিশ্লেষক ডেভিড ইগনাতিয়ুস ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনকে ইরাক ও আফগানিস্তানে ওয়াশিংটনের আরেকটি ভুল হিসেবে মনে করছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেন, ভেনেজুয়েলার সরকার উৎখাতের উদ্দেশ্যে তিনি সহিংসতার পথ বেছে নিয়েছেন।
এই বিশ্লেষক আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জন্য সামরিক শক্তি ব্যবহারের চেয়ে উত্তেজনাপূর্ণ আর কিছু নেই। তিনি আরও বলেন,
“রোববার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্পের চোখে-মুখে ও কণ্ঠে উচ্ছ্বাস স্পষ্ট ছিল। কিন্তু এই অপরিণত আচরণের সঙ্গে এমন এক অহংকার যুক্ত রয়েছে, যা গত তিন দশকে প্রায় সব মার্কিন প্রেসিডেন্টের প্রশাসনকে অস্থিতিশীল করেছে। বিশেষ করে ট্রাম্পের জন্য এটি পতনের একটি পিচ্ছিল পথ, যদিও যিনি নিজেকে তার পূর্বসূরিদের চেয়ে বেশি বুদ্ধিমান ও কঠোর মনে করেন। ট্রাম্প মনে করছেন, কোনো পরিণাম ছাড়াই তিনি যা চান তা অর্জন করে নেবেন, হোক তা প্রেসিডেন্ট, দেশ বা মূল্যবান সম্পদ। কিন্তু বিশ্ব এভাবে চলে না।”
ইগনাতিয়ুস আরও বলেন, ভেনেজুয়েলা ট্রাম্প সম্পর্কে প্রায় উপেক্ষিত বাস্তবতা তুলে ধরে। সব ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা সত্ত্বেও কারাকাসে সরকার পরিবর্তন হয়নি এবং মাদুরো ব্যতীত সরকারের অন্যান্য সব ব্যক্তি এখনো ক্ষমতার শীর্ষে রয়েছেন।
এই রাজনৈতিক বিশ্লেষক আরও মনে করেন- ভেনেজুয়েলা সম্পর্কিত ট্রাম্পের নীতির সবচেয়ে অবাস্তব দিক হলো এই প্রত্যাশা করা যে, ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদ দ্রুতই মার্কিন কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে চলে যাবে।
ওয়াশিংটন পোস্টের এই বিশ্লেষক সবশেষে বলেন, “ট্রাম্প ভেনেজুয়েলায় পরিবর্তন আনার জন্য একটি সহিংস প্রক্রিয়া শুরু করেছেন, যার পরিণতি এমন হতে পারে যা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।”#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন