ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের মধ্যে মতবিরোধের কথা স্বীকার করলেন রুবিও
-
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও
পার্সটুডে- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ‘ইরানে সামরিক অভিযান চালানোর জন্য সামরিক ঘাঁটি দিতে অস্বীকৃতি জানানোয় ন্যাটোর কিছু সদস্য দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট খুবই ক্ষুব্ধ ও অসন্তুষ্ট’। তার এ বক্তব্য থেকে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের মতপার্থক্যের বিষয়টি আবারও সামনে এনেছে।
উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো)-র পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে যোগ দিতে সুইডেন যাওয়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, তার দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক জোটের কিছু সদস্য দেশের অসহযোগিতা ও কার্যকলাপে সন্তুষ্ট নন।
স্পুটনিক সংবাদ সংস্থার বরাত দিয়ে আইএসএনএ-কে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, তিনি সরাসরি স্পেনের কথা উল্লেখ করে বলেছেন, "স্পেনের মতো দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমাদেরকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয় না; তাহলে তারা ন্যাটোতে কেন আছে? এই প্রশ্নটি সম্পূর্ণ যৌক্তিক।"
একই সঙ্গে রুবিও এও বলেন, ন্যাটোর অন্য কিছু সদস্য ওয়াশিংটনের সঙ্গে ব্যাপক সহযোগিতা করেছে, কিন্তু এই বিষয়টি জোটের সদস্যদের মধ্যে আলোচনা হওয়া দরকার।
সামরিক চুক্তির কার্যকারিতা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর প্রথমবারের মতো ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে চলেছেন, আর ঠিক এমন সময়েই এই বিবৃতিগুলো এসেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন এবং তার ইউরোপীয় মিত্রদের মধ্যে উত্তেজনা বেড়েছে। গত সপ্তাহে মার্কিন যুদ্ধ দপ্তর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে, অন্যদিকে ট্রাম্পও কিছু ইউরোপীয় সহযোগীর কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন।
মার্কিন প্রেসিডেন্ট এর আগে ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার ক্ষেত্রে ন্যাটো সদস্য দেশগুলোর অপর্যাপ্ত অংশগ্রহণের অভিযোগ করেছেন এবং এমনকি জোট থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছিলেন।
তিনি ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের দায়বদ্ধতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। রুবিওর নতুন বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান সংকট মোকাবেলার বিষয়ে ওয়াশিংটন ও কিছু ইউরোপীয় ন্যাটো সদস্যের মধ্যে মতপার্থক্য আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে।#
পার্সটুডে/এমআরএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।