মার্কিন ভিত্তিহীন অভিযোগ বিশ্বকে বিভ্রান্ত করতে পারবে না: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভিত্তিহীন অভিযোগ বিশ্ববাসীকে যুক্তরাষ্ট্রের অপরাধ ও কর্মকাণ্ডের বাস্তবতা থেকে বিচ্যুত করতে পারবে না।
পার্সটুডে’র খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও-র সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানান।
মার্কো রুবিও কংগ্রেসে এক শুনানিতে দাবি করেছিলেন যে, ইরান মার্কিন কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা করছে। এ অভিযোগের জবাবে ইসমাইল বাকায়ি লিখেছেন, “কাফের সবাইকে নিজের মতোই মনে করে।”
তিনি বলেন, ভুক্তভোগীর ভান করে যুক্তরাষ্ট্র তার কর্মকাণ্ডের দায় এড়াতে পারবে না। বাকায়ির মতে, ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বাস্তবতা এসব অভিযোগের মাধ্যমে আড়াল করা সম্ভব নয়।
ইরানি মুখপাত্র আরও বলেন, ভিত্তিহীন অভিযোগ ও রাজনৈতিক প্রচারণা চালিয়ে আন্তর্জাতিক জনমতকে বিভ্রান্ত করার চেষ্টা করা হলেও বিশ্ববাসী বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং সত্যকে আড়াল করা সম্ভব নয়।#
পার্সটুডে/এমবিএ/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।