বার্লিনের দ্বিমুখী নীতির বিরুদ্ধে এটি বিশ্ববাসীর রায়: মন্তব্য ইরানের
https://parstoday.ir/bn/news/world-i160044-বার্লিনের_দ্বিমুখী_নীতির_বিরুদ্ধে_এটি_বিশ্ববাসীর_রায়_মন্তব্য_ইরানের
পার্সটুডে– ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জনে জার্মানির ব্যর্থতা পশ্চিম এশিয়ার ঘটনাবলি, বিশেষ করে ফিলিস্তিন ও ইরান ইস্যুতে বার্লিনের দায়িত্বজ্ঞানহীন ও দ্বিমুখী নীতির ফল।
(last modified 2026-06-05T13:58:13+00:00 )
জুন ০৫, ২০২৬ ১৬:৫৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি 
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি 

পার্সটুডে– ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ অর্জনে জার্মানির ব্যর্থতা পশ্চিম এশিয়ার ঘটনাবলি, বিশেষ করে ফিলিস্তিন ও ইরান ইস্যুতে বার্লিনের দায়িত্বজ্ঞানহীন ও দ্বিমুখী নীতির ফল।

পার্সটুডে’র খবরে বলা হয়েছে, শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসমাইল বাকায়ি বলেন, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের আসন পেতে ব্যর্থ হওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্পষ্ট বার্তা। তার মতে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে জার্মান সরকারের অবস্থানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের অসন্তোষই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে।

বাকায়ি বলেন, জার্মানি দীর্ঘদিন ধরে ইসরায়েলের অন্যতম প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। তিনি অভিযোগ করেন, বার্লিন ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছে এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক হামলার নিন্দা না করে উল্টো সেটিকে সমর্থনসূচক ভাষায় বর্ণনা করেছে।

ইরানি মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নেওয়ার দাবি করলেও বাস্তবে রাষ্ট্রগুলোর আচরণই তাদের প্রকৃত অবস্থান নির্ধারণ করে। তিনি সতর্ক করে বলেন, বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং জনগণ এখন সরকারের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দিয়ে বিচার করছে।

তার ভাষায়, আন্তর্জাতিক বাস্তবতা ও জনমতের এই পরিবর্তনকে উপেক্ষা করলে তার কূটনৈতিক মূল্য দিতে হবে।#

 

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।