ইরানকে অর্থনৈতিক ছাড় দিয়ে ট্রাম্প নতি স্বীকার করেছেন: সাবেক মার্কিন আলোচক
-
সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পারমাণবিক আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য রবার্ট ম্যালি।
পার্সটুডে: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের পারমাণবিক আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য রবার্ট ম্যালি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি আনতে অর্থনৈতিক প্রণোদনা দেওয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়েছেন।
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বরাতে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট ম্যালি সোমবার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন যে, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা শিথিল করার আগ্রহ এমন একটি নীতিরই প্রতিফলন যার নেতৃত্ব স্বয়ং ট্রাম্প দিচ্ছেন।
ম্যালি বলেন, “ট্রাম্প এখন ইরানের সঙ্গে আলোচনা করছেন এবং একজন আলোচকের যা করা উচিত, তিনি সেটাই করছেন। অর্থাৎ, ইরানের জন্য অর্থনৈতিক সুযোগ ও প্রণোদনা তৈরি করছেন, যাতে এর বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত বিষয়ে কিছু পদক্ষেপ নেয়।” তার মতে, যে কোনো আলোচনায় উভয় পক্ষকে কিছু না কিছু সুবিধা দিতে হয় এবং কূটনৈতিক সমঝোতা অর্জনের জন্য অর্থনৈতিক প্রণোদনা একটি স্বাভাবিক উপাদান।
রবার্ট ম্যালি আরও বলেন, ট্রাম্প তার প্রথম মেয়াদকালে এই বাস্তবতাকে অস্বীকার করার চেষ্টা করেছিলেন। এমনকি গত প্রায় দেড় বছর ধরেও তিনি একই অবস্থান ধরে রাখার চেষ্টা করেছেন।
তবে ম্যালির ভাষায়, “এখন তিনি এই বাস্তবতাকে মেনে নিয়েছেন” এবং আলোচনার অগ্রগতির জন্য অর্থনৈতিক প্রণোদনার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। সাবেক এই মার্কিন আলোচকের মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক, নিষেধাজ্ঞা এবং পারমাণবিক ইস্যু নিয়ে নতুন করে কূটনৈতিক আলোচনা ও বিতর্ক চলছে।#
পার্সটুডে/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।