যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস; ট্রাম্পের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/world-i160664-যুদ্ধ_উন্মাদনা_বন্ধে_মার্কিন_সিনেটে_প্রস্তাব_পাস_ট্রাম্পের_প্রতিক্রিয়া
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে।
(last modified 2026-06-24T01:10:18+00:00 )
জুন ২৪, ২০২৬ ০৯:৪০ Asia/Dhaka
  • যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস; ট্রাম্পের প্রতিক্রিয়া

পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে একটি ঐতিহাসিক প্রস্তাব পাস হয়েছে।

এই প্রস্তাব পাসের ফলে ইরানের বিরুদ্ধে যেকোনো পরবর্তী সামরিক পদক্ষেপ নেওয়ার আগে ট্রাম্প প্রশাসনকে অবশ্যই কংগ্রেসের বাধ্যতামূলক অনুমোদন নিতে হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে খোদ ট্রাম্পের দলের চারজন রক্ষণশীল সদস্য দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন।

মঙ্গলবার (২৩ জুন) সিনেটে যৌথ প্রস্তাবটির পক্ষে ৫০-৪৮ ভোটে এটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রস্তাবটি পাস হয়েছিল।

সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও চার রিপাবলিকান সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন। অন্যদিকে, প্রায় সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটির পক্ষে থাকলেও একজন বিপক্ষে অর্থাৎ ট্রাম্পের পক্ষে ভোট দেন।

ভোটের পর সিনেটের শীর্ষ ডেমোক্র্যাট নেতা চাক শুমার ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানে সর্বোচ্চ চাপ সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার এই বিপর্যয়কর যুদ্ধ মার্কিন জনগণের জন্য শেষ পর্যন্ত বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং বিপুল ব্যয় ডেকে এনেছে।

তিনি ট্রাম্পের এই সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ভুল আখ্যা দিয়ে আরও বলেন, বারবার সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানরা মার্কিন জনগণের পাশে না দাঁড়িয়ে ট্রাম্প ও তার যুদ্ধের পক্ষ নিয়েছেন। ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের চড়া মূল্য দিতে হয়েছে দেশের মানুষকে। আমেরিকার ইতিহাসে এটি অন্যতম নিকৃষ্ট বৈদেশিক নীতি হিসেবে লেখা থাকবে।

নিজের যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করে দেওয়া সিনেটের এই সিদ্ধান্তের সমালোচনা করে ট্রাম্প বলেন, “বোকা ডেমোক্র্যাটরা ইরানের পারমাণবিক অস্ত্র থাকার পক্ষেই ভোট দিয়েছে।”#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।