আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির জেরে বিশ্ববাজারে তেলের দাম ৪ শতাংশ বেড়েছে
পার্সটুডে— উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে।
পার্সটুডের খবরে, ইরনার বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত মার্কিন অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৩ ডলারে পৌঁছেছে। এদিকে, ব্রেন্ট ক্রুডের দামও ৩ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৯৬ ডলারে উঠেছে।
ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের “আগ্রাসনের” জবাবে পরিচালিত তৃতীয় ধাপের অভিযানে বাহিনীর মহাকাশ ইউনিট কুয়েতের আলি আল-সালেম ঘাঁটিতে অবস্থিত জ্বালানি মজুতকেন্দ্র এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করেছে বলে দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে অবস্থিত মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ ইলেকট্রনিক যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং ড্রোন নিয়ন্ত্রণ ও কমান্ড সেন্টারও লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটির কয়েকটি বড় ক্ষেপণাস্ত্র গুদাম এবং জ্বালানি সংরক্ষণাগার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আগুনে পুড়ে গেছে বলে আইআরজিসি দাবি করেছে।
একই সময়ে, ইরানের সেনাবাহিনী জানিয়েছে যে, তাদের ড্রোন ইউনিট কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সামরিক আশ্রয়কেন্দ্র এবং সহায়তামূলক স্থাপনায় হামলা চালিয়েছে।
পার্সটুডে/এমবিএ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।