বুলগেরিয়ায় মার্কিন সেনা ও বিমান মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i161676-বুলগেরিয়ায়_মার্কিন_সেনা_ও_বিমান_মোতায়েনের_বিরুদ্ধে_বিক্ষোভ
পার্সটুডে- দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ার বেজমের গ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করে বেজমের বিমানঘাঁটিতে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী (ট্যাংকার) বিমান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
(last modified 2026-07-26T02:29:32+00:00 )
জুলাই ২৬, ২০২৬ ০৮:০৭ Asia/Dhaka
  • বিক্ষোভ
    বিক্ষোভ

পার্সটুডে- দক্ষিণ-পূর্ব বুলগেরিয়ার বেজমের গ্রাম ও আশপাশের এলাকার বাসিন্দারা বিক্ষোভ সমাবেশ করে বেজমের বিমানঘাঁটিতে মার্কিন সামরিক জ্বালানি সরবরাহকারী (ট্যাংকার) বিমান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

পার্সটুডে জানিয়েছে বেজমের গ্রামের বাসিন্দা, ইয়ামবোল শহরের অধিবাসী এবং আশপাশের কয়েকটি গ্রামের মানুষ বিমানঘাঁটির প্রবেশপথে জড়ো হয়ে সেখানে মার্কিন সামরিক ট্যাংকার বিমান মোতায়েনের বিরোধিতা করেন।

বিক্ষোভে বুলগেরিয়ার যুব ও ক্রীড়ামন্ত্রী আঞ্চো ক্রায়াজভও উপস্থিত ছিলেন। তিনি বুলগেরিয়ার সংবাদ সংস্থা (বিটিএ)-কে জানান, ওই অঞ্চলে মার্কিন সেনা মোতায়েন সংক্রান্ত সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের কাছে ব্যাখ্যা করতেই তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বেজমের ও আশপাশের গ্রামের বাসিন্দাদের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমের সহযোগিতায় এই বিক্ষোভের আয়োজন করা হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল এবং তুন্দজা জেলার স্থানীয় প্রশাসন ও বেজমের পৌর কর্তৃপক্ষ আগেই এ সমাবেশের বিষয়ে অবগত ছিল। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবং রাজধানী সোফিয়া থেকে আসা কয়েকজনও বিক্ষোভে অংশ নেন।

এর আগে বুলগেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী দিমিতার স্তোইয়ানোভ এবং যুব ও ক্রীড়ামন্ত্রী আঞ্চো ক্রায়াজভ ইয়ামবোল প্রাদেশিক প্রশাসন কার্যালয়ে অঞ্চলের বিভিন্ন শহর ও জেলার মেয়রদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

এর আগে বুলগেরিয়ার সংসদ বুধবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য ২৪ জুলাই থেকে ১ অক্টোবর পর্যন্ত বেজমের বিমানঘাঁটিতে সর্বোচ্চ ৮টি KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান এবং সর্বোচ্চ ২৫০ জন মার্কিন সেনা অস্থায়ীভাবে মোতায়েনের অনুমোদন দেয়।#

পার্সটুডে/ এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।