ভিসামুক্তির সুবিধা থেকে তুরস্ক এখনো ৫ ধাপ দূরে: জার্মানি
-
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাংক ওয়াল্টার স্টেইনমেয়ার বলেছেন, তুরস্কের নাগরিকদের জন্য ইউরোপে ভিসামুক্তির সুবিধা পাওয়া থেকে তুর্কি সরকার এখনো পাঁচ ধাপ দূরে রয়েছে।
তিনি বলেছেন, ভিসামুক্তির সুবিধা পাওয়ার বিষয়ে তুরস্কের জন্য পরিষ্কার পাঁচটি শর্ত ছিল কিন্তু আংকারা এখনো তা পূরণ করে নি। এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের নাগরিকদের জন্য ভিসা উদারিকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না।
স্টেইনমেয়ার বলেন, ভিসামুক্তির সুবিধা পেতে হলে তুরস্ককে এখনো কিছু কাজ করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে তারা তা করছে কিনা তা দেখা হবে। তিনি এ কথার মাধ্যমে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের ম্যধকার চলমান টানপাড়েনের দিকে ইঙ্গিত করেছেন বলে দৃশ্যত মনে করা হচ্ছে। গত রোববার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তুরস্ককে ভিসামুক্তির সুবিধা না দিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সই করা চুক্তি বাতিল করবে আংকারা।
চুক্তি অনুযায়ী তুরস্ককে যেসব কাজ করার কথা ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে- সন্ত্রাসবাদ-বিরোধী আইন পরিবর্তন করা। কিন্তু তুরস্ক এখনো তা করে নি।
গত মার্চে তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন যে চুক্তি করে তাতে বলা হয়েছিল- এজিয়ান সাগর দিয়ে যেসব উদ্বাস্তু ইউরোপে যাওয়ার চেষ্টা করবে তাদেরকে ফেরত নেবে তুরস্ক। বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে আর্থিক সুবিধা দেবে এবং তুর্কি নাগরিকদেরকে ইউরোপে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দেবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩