ইমরান খানকে কারাগারের ‘ডেথ সেল’ থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ
-
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান
পার্সটুডে-পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানকে স্বাস্থ্য নিয়ে উদ্বেগের মধ্যে কারাগারের ‘ডেথ সেল’ থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
মঙ্গলবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট ৭৩ বছর বয়সী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তিনি গত তিন বছর ধরে কারাবন্দি রয়েছেন।
ইমরান খানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে। তাঁর মুখপাত্র নাঈম হায়দার পাঞ্জুথা সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, অন্তত ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে থাকবেন। কারাবন্দি হওয়ার পর এটিই হবে জেলের বাইরে তাঁর সবচেয়ে দীর্ঘ সময়।
এটি ইমরানের পরিবার এবং তাঁর রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) দীর্ঘদিনের দাবি ছিল। তাঁর প্রথম স্ত্রী জেমাইমা গোল্ডস্মিথের দুই ছেলে কাসিম ও সুলেমানও বারবার বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, “এটি অত্যন্ত স্বাগত জানানোর মতো একটি আদেশ। আমরা চাইতাম এটি আরও আগেই হতো, যাতে তাঁর চোখ ও সামগ্রিক স্বাস্থ্যের এতটা অবনতি না হতো।”
তিনি আরও বলেন, “সব চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাঁর হাসপাতালে থাকা উচিত।”
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা একাকী বন্দিত্বে থাকেন। তাঁর সেল সার্বক্ষণিক নজরদারির আওতায় রয়েছে এবং তাঁকে “নোংরা ও দূষিত” পানি দিয়ে গোসল করতে বাধ্য করা হয়।#
পার্সটুডে/এনএম/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।