ইউরেশিয়ায় ব্যাপক সংঘাতের ঝুঁকি গুরুতর: রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থার প্রধান
https://parstoday.ir/bn/news/world-i162780-ইউরেশিয়ায়_ব্যাপক_সংঘাতের_ঝুঁকি_গুরুতর_রাশিয়ার_পররাষ্ট্র_গোয়েন্দা_সংস্থার_প্রধান
পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা (SVR)-এর প্রধান সের্গেই নারিশকিন শুক্রবার সতর্ক করে বলেছেন, ইউরেশিয়া অঞ্চলে একটি ব্যাপক সংঘাতের আশঙ্কা 'বাস্তব এবং এ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।'
(last modified 2026-09-05T08:04:13+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২৬ ১৯:৩৭ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা'র প্রধান সের্গেই নারিশকিন
    রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা'র প্রধান সের্গেই নারিশকিন

পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র গোয়েন্দা সংস্থা (SVR)-এর প্রধান সের্গেই নারিশকিন শুক্রবার সতর্ক করে বলেছেন, ইউরেশিয়া অঞ্চলে একটি ব্যাপক সংঘাতের আশঙ্কা 'বাস্তব এবং এ নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে।'

ইরনার বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস (CIS)-এর সদস্য দেশগুলোর নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা প্রধানদের ২২তম সম্মেলনে নারিশকিন বলেন, পুরো ইউরেশিয়াজুড়ে ব্যাপক সংঘাতের ঝুঁকি সম্পূর্ণ বাস্তব এবং এটি অত্যন্ত গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, রাশিয়ার কাছে থাকা তথ্য অনুযায়ী, ইউরোপীয় নেতারা 'নিয়ন্ত্রিতভাবে উত্তেজনা বাড়ানো' এবং গত শতাব্দীতে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তৈরি করা 'ঝুঁকি গ্রহণের কৌশলে' বিশ্বাস করেন।

নারিশকিন উল্লেখ করেন, একসময় বৈশ্বিক উন্নয়নের অগ্রভাগে থাকা ইউরোপীয় দেশগুলো ২০০৮ সাল থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক স্থবিরতা, শিল্পহ্রাস, জ্বালানি সংকট ও অভিবাসন সমস্যার মুখোমুখি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের ওপর প্রায় সম্পূর্ণ 'সামরিক-রাজনৈতিক নির্ভরতা' এবং নিজস্ব পরিচয় হারানোর সংকট।

তিনি জোর দিয়ে বলেন, এসব অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরিবর্তে ইউরোপীয় অভিজাতরা ইউরেশিয়ার স্বাধীন ও সার্বভৌম শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে 'উত্তেজনা বাড়ানোর পথ' বেছে নিয়েছে।

নারিশকিন আরও বলেন, কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটসের (CIS) সদস্য দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর পারস্পরিক সহযোগিতা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ইউরেশিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপাদান।#

পার্সটুডে/এনএম/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।