আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের হামলা; মালয়েশিয়ার নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i163584-আল_আকসা_মসজিদে_ইহুদিবাদীদের_হামলা_মালয়েশিয়ার_নিন্দা
পার্সটুডে- মালয়েশিয়া আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক হামলার নিন্দা জানিয়েছে।
(last modified 2026-10-01T13:16:43+00:00 )
অক্টোবর ০১, ২০২৬ ১৮:৩১ Asia/Dhaka
  • আল-আকসা মসজিদ
    আল-আকসা মসজিদ

পার্সটুডে- মালয়েশিয়া আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক হামলার নিন্দা জানিয়েছে।

মালয়েশিয়া সরকার অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক হাজারেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং ইসরায়েলি সরকারের কয়েকজন কর্মকর্তার ব্যাপক অনুপ্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের অনুপ্রবেশের পুনরাবৃত্তি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি অধিকৃত জেরুজালেম ও আল-আকসা মসজিদকে ঘিরে বিদ্যমান ঐতিহাসিক ও আইনগত মর্যাদারও লঙ্ঘন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এসব ঘটনাকে কেবল বিচ্ছিন্ন উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে দেখা যায় না। বরং এগুলো আল-আকসা মসজিদ ও অধিকৃত জেরুজালেমের পরিচয় ও চরিত্র পরিবর্তনের জন্য ইসরায়েলি সরকারের চলমান প্রচেষ্টার অংশ।

মালয়েশিয়া জানিয়েছে, আল-আকসা মসজিদের বিদ্যমান মর্যাদা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টা তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে মসজিদটির পবিত্রতা এবং সেখানে মুসলমানদের ইবাদতের ধর্মীয় অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করার ওপর জোর দিয়েছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, আল-আকসা মসজিদের ঐতিহাসিক ও আইনগত মর্যাদা দুর্বল করার চলমান প্রচেষ্টার জন্য ইসরায়েলি সরকারকে জবাবদিহির আওতায় আনতে হবে।

বিবৃতির শেষে মালয়েশিয়া আবারও ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি ও তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।