আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ব্যাপক হামলা; অব্যাহত দমনমূলক তৎপরতা
পার্সটুডে- ইসরায়েলি বসতি স্থাপনকারীরা আল-আকসা মসজিদে হামলা চালানোর একই সময়ে দখলকৃত জেরুজালেমের গভর্নরেট জানিয়েছে, ইসরায়েলি সেনারা পুরোনো জেরুজালেমের আশপাশের আল-আকসা মসজিদমুখী সড়কগুলো বন্ধ করে দিয়েছে।
ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দখলকৃত জেরুজালেমের গভর্নরেট এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদাররা বসতি স্থাপনকারীদের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে পুরোনো জেরুজালেমের আশপাশের আল-আকসা মসজিদমুখী সড়কগুলো বন্ধ করে দিয়েছে।
এদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘মা’আন’ জানিয়েছে, সোমবার সকালে কয়েক ডজন ইসরায়েলি বসতি স্থাপনকারী ইসরায়েলি পুলিশের সহযোগিতায় ‘বাব আল-মাগারিবা’ দিয়ে আল-আকসা মসজিদে প্রবেশ করে। এর আগের দিন রোববারও প্রায় ১ হাজার ৫০০ বসতি স্থাপনকারী ও রাব্বি আল-আকসা মসজিদে প্রবেশ করে এবং মসজিদের একটি প্রবেশপথ ‘বাব আল-কাতানিন’-এর কাছে বিশেষ করে তালমুদিক ধর্মীয় আচার পালন করে।
দখলদারদের এসব তৎপরতা পবিত্র আল-আকসা মসজিদের ভেতরে তালমুদিক ধর্মীয় আচার পালনের ক্রমবর্ধমান প্রবণতা এবং মসজিদটির ঐতিহাসিক ও আইনগত অবস্থান পরিবর্তনের প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আল-আকসা মসজিদ ও পুরোনো জেরুজালেমের আশপাশে ইসরায়েলি সেনাদের সামরিক তৎপরতা বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনি মুসল্লিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দেওয়ার মধ্যেই বসতি স্থাপনকারীদের এই হামলার ঘটনা ঘটেছে। চলতি সেপ্টেম্বর মাসে জেরুজালেম শহরে আল-আকসা মসজিদে দখলদারদের বারবার প্রবেশের ঘটনা ঘটেছে। ১৩ সেপ্টেম্বর ৪৮০ জন বসতি স্থাপনকারী এবং ২০ সেপ্টেম্বর প্রায় ১০০ জন বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করে।
দখলকৃত জেরুজালেমের গভর্নরেটের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে আগস্টের শেষ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি বসতি স্থাপনকারী আল-আকসা মসজিদে প্রবেশ করেছে। একই সময়ে বছরের শুরু থেকে চলতি মাসের শুরু পর্যন্ত জেরুজালেমের প্রায় ৮০০ বাসিন্দাকে আল-আকসা মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।