পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী: ইসরায়েলি প্রচারণা এখন আর কেউ বিশ্বাস করে না
-
খাজা মুহাম্মদ আসিফ
পার্সটুডে- পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের ঘটনা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচারণার প্রতিক্রিয়ায় বলেছেন, বিশ্বজনমত এখন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইসরায়েলিদের প্রচারণায় আর বিশ্বাস করছে না বিশ্ববাসী।
ইরনার বরাতে পার্সটুডে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা মুহাম্মদ আসিফ ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটের ঘটনা নিয়ে ইসরায়েলের প্রচারণা এবং ফ্লাইটের এক ইসরায়েলি যাত্রীর সঙ্গে নেতানিয়াহুর সাক্ষাতের বিষয়ে প্রতিক্রিয়া জানান।
তিনি লেখেন, গাজায় আগ্রাসন শুরুর পর থেকে নেতানিয়াহু মনগড়া কাহিনি প্রচার এবং নানা কৌশলের আশ্রয় নিয়ে নিজের বক্তব্যকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করছেন। কিন্তু বিশ্বজনমত এখন তাঁর বিরুদ্ধে তীব্রভাবে অবস্থান নিয়েছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, একসময় বিশ্ববাসী ইসরায়েলিদের প্রচারণায় বিশ্বাস করত। কিন্তু এখন তারা চিরতরে নিজেদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
তিনি বলেন, এই ধারা ক্রমেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং জবাবদিহির সময় দ্রুত ঘনিয়ে আসছে।
ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে কী ঘটেছিল?
গত বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের দুই পাইলটের মধ্যে বিরোধের জেরে ফ্লাইটটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের দিকে নেওয়া হয়।
সৌদি আরবের তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি থেকে জরুরি বার্তা পাওয়ার পর বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পরে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর পাইলট ও সহকারী পাইলটকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, উড়োজাহাজটিতে উল্লেখযোগ্যসংখ্যক ইসরায়েলি যাত্রী ছিলেন। জরুরি অবতরণের পর বিকল্প একটি উড়োজাহাজের মাধ্যমে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এ ঘটনার পর ফ্লাইদুবাই কর্তৃপক্ষ জানায়, তারা ছয় দিনের জন্য তেল আবিবগামী ফ্লাইট চলাচল বন্ধ রাখবে।#
পার্সটুডে/এসএ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।