ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে ইসরাইলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা কতটা কার্যকর?
https://parstoday.ir/bn/news/world-i163814-ইরানের_ক্ষেপণাস্ত্রের_সামনে_ইসরাইলের_বিলিয়ন_ডলারের_প্রতিরক্ষা_কতটা_কার্যকর
পার্সটুডে: ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মনে করেন, ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বহুস্তরীয় প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরেছে।
(last modified 2026-10-09T14:35:38+00:00 )
অক্টোবর ০৯, ২০২৬ ১৯:১৩ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্রের সামনে ইসরাইলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা কতটা কার্যকর?

পার্সটুডে: ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক মনে করেন, ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বহুস্তরীয় প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারা বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরেছে।

ইরানের বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ আফজাল আশরাফ বিশ্ববিদ্যালয়টির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে লিখেছেন, বিশ্বের অন্যতম উন্নত বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে ইসরাইল বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও ইরানের ক্ষেপণাস্ত্র অধিকৃত ভূখণ্ডে আঘাত হানা ঠেকাতে পারেনি।

তিনি উল্লেখ করেন, ইসরাইলের সামরিক সেন্সরশিপের কারণে ইরানি ক্ষেপণাস্ত্রের কতগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়ে নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন। তবে প্রকাশ্যে আসা প্রতিবেদনগুলো থেকে দেখা যায়, এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বাধা অতিক্রম করে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা তুলে ধরে আশরাফ বলেন, বিপুল বিনিয়োগ ও জটিল প্রযুক্তির ব্যবহার সত্ত্বেও অব্যাহত হামলার বিরুদ্ধে শতভাগ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি গত আগস্টে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনের উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় ৮০ শতাংশ প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব মজুত পুনরায় পূরণ করতে অন্তত তিন বছর সময় লাগতে পারে।

মার্কিন সামরিক মূল্যায়ন সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সিএনএনের ওই প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যুদ্ধ শুরুর আগের মজুত থেকে থাড (THAAD) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রায় চার-পঞ্চমাংশ এবং প্যাট্রিয়ট (Patriot) ব্যবস্থার প্রায় অর্ধেক প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

এ বিষয়ে আশরাফ লিখেছেন, পরীক্ষামূলক পরিস্থিতিতে প্রতিরক্ষাব্যবস্থা ভালো ফল দেখাতে পারে। কিন্তু হামলা অব্যাহত থাকলে এবং ব্যয়বহুল প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র বারবার ব্যবহার করতে হলে এসব ব্যবস্থার কার্যকারিতা ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

সবশেষে এই ব্রিটিশ বিশ্ববিদ্যালয় শিক্ষক জোর দিয়ে বলেন, উন্নত প্রতিরক্ষাব্যবস্থা নিরাপত্তা সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে। কারণ, ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৃষ্ট সব ধরনের ঝুঁকি দূর করতে সক্ষম—এমন কোনো প্রতিরক্ষাব্যবস্থা নেই।#

 

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।