গ্রিস থেকে সেনা কর্মকর্তাদের ফেরত চায় তুরস্ক
-
গ্রিস পুলিশের হাতে ধরা পড়া তুর্কি সেনা কর্মকর্তারা
১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর গ্রিসে আশ্রয় চাওয়া আট সেনা কর্মকর্তাকে ফেরত চেয়েছে তুর্কি সরকার। গ্রিসের একটি কূটনৈতিক সূত্র এ খবর দিয়েছে।
গ্রিসে পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দুজন কমান্ডার, চারজন ক্যাপ্টেন এবং দুজন সার্জেন্ট। তুরস্কে সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার চারদিন পর এসব কর্মকর্তা একটি হেলিকপ্টারে করে গ্রিসের উত্তারাঞ্চলে আলেকজান্দ্রোপলিতে নামেন এবং দেশটিতে আশ্রয় প্রার্থনা করেন।
কূটনৈতিক সূত্রটি বলেছে, গতকাল তুরস্কের পক্ষ থেকে গ্রিসের বিচার মন্ত্রণালয়ের কাছে এ দাবি জানানো হয়েছে। আগামীকাল তুরস্কের দুজন কর্মকর্তা গ্রিসের একটি কমিটির সামনে হাজির হবেন এবং সেখানে তুর্কি সরকারের দাবির বিষয়ে শুনানি হবে।
আলেকজান্দ্রোপলির একটি আদালত গ্রিসে যাওয়া আট সেনা কর্মকর্তাকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে গ্রিসে ঢোকার অভিযোগ আনা হয়েছে। এরইমধ্যে তুর্কি সেনা কর্মকর্তাদেরকে রাজধানী এথেন্সে পাঠানো হয়েছে এবং আশ্রয় প্রার্থনার বিষয়ে শুনানি শুরুর আগ পর্যন্ত এসব কর্মকর্তা পুলিশ হেফাজতে থাকবেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৮