ওবামা-পুতিন বৈঠক; আলোচনার বিষয় জানানো হবে ইরান ও সিরিয়াকে
-
পুতিন এবং ওবামা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় সহিংসতা কমানোর বিষয়ে মস্কো এবং ওয়াশিংটন কয়েকদিনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেছেন।
চীনের হাংঝু শহরে শিল্পোন্নত দেশগুলো সংগঠন জি-২০ সম্মেলনের পরে সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন বলেন, “এতকিছুর পরও আমরা কিছু বিষয়ে এক রেখায় অবস্থান করছি এবং আমাদের মাঝে কিছু বোঝাপড়া আছে যাতে আমরা সিরিয়া পরিস্থিতির উন্নতি ঘটাতে পারি।”
তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই রয়েছি এবং অন্তত কিছু সময়ের জন্য সিরিয়া পরিস্থিতি আমরা আরো ভালো করার উদ্যোগ নিতে পারি।”
বারাক ওবামার সঙ্গে কী কথা হয়েছে তা জানাতে অস্বীকার করে প্রেসিডেন্ট পুতিন বলেন, “বিশ্বাস করার কারণ রয়েছে যে, আগামী কয়েকদিনের মধ্যে একটি ফলাফল আসতে পারে।”
পুতিন বলেন, বারাক ওবামার সঙ্গে আলোচনায় সিরিয়া ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে এবং আলোচনার অগ্রগতি সম্পর্কে ইরান ও সিরিয়াকে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, সিরিয়ায় মানবিক ত্রাণ তৎপরতা সহজ করলে রাজনৈতিক সমাধান সহজ হবে। তিনি আরো বলেন, সিরিয়া সমস্যা সমাধানে সব পক্ষের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ অংশগ্রহণ দরকার। সিরিয়া ইস্যুতে আমেরিকা ও রাশিয়ার মধ্যে গভীর মতপার্থক্য রয়েছে বলে মন্তব্য করার একদিন পর বারাক ওবামা সোমবার এসব কথা বলেছেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬