নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক করলেন না হল্যান্ডের এমপি
https://parstoday.ir/bn/news/world-i19693-নেতানিয়াহুর_সঙ্গে_হ্যান্ডশেক_করলেন_না_হল্যান্ডের_এমপি
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক করেন নি হল্যান্ডের মুসলিম সংসদ সদস্য তুনাহান কুজু। হল্যান্ড সফরে গিয়ে এই অপমানের মুখে পড়েছেন নেতানিয়াহু। এরইমধ্যে এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১১:৪৭ Asia/Dhaka
  • নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক করলেন না হল্যান্ডের এমপি

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক করেন নি হল্যান্ডের মুসলিম সংসদ সদস্য তুনাহান কুজু। হল্যান্ড সফরে গিয়ে এই অপমানের মুখে পড়েছেন নেতানিয়াহু। এরইমধ্যে এ বিষয়ে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

ভিডিওতে দেখা যাচ্ছে- নেতানিয়াহু হ্যান্ডশেক করার জন্য কুজুর দিকে হাত বাড়িয়ে দিলেও হল্যান্ডের এ সংসদ সদস্য হাত না বাড়িয়ে বরং হাত পেছনের দিকে রেখেছেন। এ সময় তার কোটে ফিলিস্তিনের পতাকা সম্বলিত লাপেল পিন লাগানো ছিল। এ অবস্থায় নেতানিয়াহু খানিকটা বিব্রত হয়ে হ্যান্ডশেক না করে সামনে এগিয়ে যান।

এমপি কুজুর এ প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সমর্থন পেয়েছে। কুজু নিজে ফিলিস্তিনের জনগণের অধিকারের বিষয়ে খুবই সরব।  

নেতানিয়াহুর সঙ্গে হ্যান্ডশেক না করার বিষয়ে কুজু পরে জানিয়েছেন, অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি সামরিক শাসনের অধীনে থাকা ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়ে হল্যান্ডের বহু মানুষের আপত্তি রয়েছে তা তুলে ধরার জন্যই তিনি উদ্দেশ্যমূলকভাবে হ্যান্ডশেক করা থেকে বিরত থেকেছেন।  

কুজু তার ফেইসবুক টাইমলাইনে লিখেছেন, “২০১৪ সালের গ্রীষ্মে গাজার রাস্তাগুলো ফিলিস্তিনি শিশুদের ধমনি থেকে বেরিয়ে আসা রক্তে রঞ্জিত হওয়ার পরও আজ এখানে নেতানিয়াহুকে লালগালিচা সংবর্ধনা দেয়া হচ্ছে।” তিনি বলেছেন, “ওই ঘটনার পর তার সঙ্গে আর হ্যান্ডশেক করা যায় না বরং ফিলিস্তিনি মুক্তির প্রতিই সমর্থন দিতে হয়।”   

নেতানিয়াহুর সফরের আগে হল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী দ্রাইস ভ্যান নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেছেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রীকে দ্রুতই আন্তর্জাতিক আদালতে পাঠানো উচিত বলে মন্তব্য করেছেন।

নেতানিয়াহুর সফরকে কেন্দ্র করে হল্যান্ডে বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে। গত মঙ্গলবার কয়েক হাজার মানুষ হেগ শহরে বিক্ষোভ করেন। তারা দাবি জানান, নেতানিয়াহুকে তার অপরাধের জন্য বিচারের আওতায় আনতে হবে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯