'ইরানের পরোক্ষ-যুদ্ধে হুমকির মুখে ইসরাইলের অস্তিত্ব'
ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির প্রধান অ্যাভি দিখতার বলেছেন, ইরান, হিজবুল্লাহ ও হামাস হচ্ছে ইহুদিবাদী ইসরাইলের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকি।
ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়ে আরও জানিয়েছে, অ্যাভি বায়তুল মুকাদ্দাসে বলেছেন, ‘সিরিয়া, জর্দান ও মিশর ছিল ইসরাইলের শত্রু দেশ। দীর্ঘকাল ধরে এই দেশগুলোর শত্রুতার পর আমরা মিশর ও জর্দানের সঙ্গে শান্তি-চুক্তি করতে সক্ষম হয়েছি। কিন্তু এখন ইসরাইলের রয়েছে চারটি শত্রু তথা সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা ও ইরান।’
ইসরাইলের ঘরোয়া গোয়েন্দা সংস্থা শিন বেথের সাবেক প্রধান অ্যাভি আরও বলেছেন, ‘ইসরাইল কয়েকটি ধ্বংসাত্মক যুদ্ধে জয়ী হওয়ার পর বৈরী প্রতিবেশীগুলোর মোকাবেলায় শক্ত প্রতিরক্ষা-ব্যবস্থা গড়ে তুলেছে। কিন্তু বর্তমানে বেপরোয়া-হয়ে-পড়া ইরান ইসরাইলের নিরাপত্তার জন্য নিকটতম বিপদে পরিণত হয়েছে এবং দেশটি তার মিত্র শক্তিগুলোর কাছ থেকে সহায়তা পাচ্ছে।’
অ্যাভি দিখতার বলেছেন, ‘আমার মনে হয় আমরা সবাই এটা বুঝতে পারছি, ইসরাইল সম্পর্কে ঘৃণা তৈরি বা ইসরাইলে হামলা চালানোই যে সাধারণভাবে আরব সরকারগুলোর সমর্থন পাওয়ার ও বিশেষভাবে আরব জনগণের মন জয়ের সবচেয়ে ভালো পন্থা- ইরান তা জানতে পেরেছে। আর ইরানিরা এটাও বুঝতে পেরেছে যে অন্য কারো মাধ্যমে ইসরাইলে হামলা চালানোই যুদ্ধের সবচেয়ে সহজ পন্থা।’ #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১৫