‘মহাজীবাণু’ ঠেকাতে বৈঠকে বসছে জাতিসংঘ
‘সুপারবাগ’ বা ‘মহাজীবাণু’ ঠেকানোর বিষয়ে আলোচনার জন্য আজ (বুধবার) আরো পরে বৈঠকে বসবে জাতিসংঘ। অ্যান্টিবায়োটিকসহ প্রচলিত ওষুধ ঠেকাতে সক্ষম বলে এ ধরনের জীবাণুকে ‘সুপারবাগ’ বা ‘মহাজীবাণু’ বলা হয়। এসবের বিরুদ্ধে বিশ্বব্যাপী কর্ম তৎপরতা নিয়ে আলোচনার জন্য এই প্রথম বৈঠকে বসছে জাতিসংঘ।
এর আগে এইডস সৃষ্টিকারী ভাইরাস এইচআইভি, ইবোলা এবং ডায়াবেটিসের মতো ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ক্রনিক রোগ নিয়ে শীর্ষ বৈঠক করেছে জাতিসংঘ।
ই.কোলি, যক্ষ্মা, গনোরিয়া এবং অন্যান্য কিছু রোগের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ঠেকানোর ক্ষমতা অর্জন করছে। এভাবে এসব জীবাণু দুর্দমনীয় হয়ে উঠবে। প্রচলিত ওষুধে রোগ সারানো সম্ভব হবে না। সাধারণ কাঁটা-ছেড়ার চিকিৎসারও ওষুধ আর থাকবে না। 'মহাজীবাণুর' সংক্রমণ ঘটে মৃত্যুর আশংকা থাকবে। সব মিলিয়ে পরিস্থিতি অ্যান্টিবায়োটিক আবিষ্কারের আগের অবস্থায় চলে যাবে। আগামী দিনের স্বাস্থ্যখাতের এমন ভয়াল চিত্রে আতংকিত হয়ে পড়েছেন চিকিৎসা বিজ্ঞানীরা। এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে চলেছে এবারের জাতিসংঘ শীর্ষ বৈঠক।
ব্রিটিশ এক স্বাস্থ্য-সমীক্ষায় বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী বার্ষিক এক কোটি মানুষ প্রাণ হারাবে। বর্তমানে প্রতিবছর এভাবে সাত লাখ মানুষ মারা যায়। এর মধ্যে ২৩ হাজারই মারা যায় আমেরিকায়।
চিকিৎসা বিজ্ঞানীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জীবাণুর এভাবে অ্যান্টিবায়োটিকরোধী মহাশক্তিশালী হয়ে ওঠায় কেবল স্বাস্থ্য খাতেই উদ্বেগ বাড়বে না বরং অর্থনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রও হুমকিতে পড়বে।
জাতিসংঘের খসড়া প্রস্তাবে বিশ্বের সরকারগুলোকে অ্যান্টিবায়োটিক ব্যবহার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং গবেষণায় পর্যাপ্ত উৎসাহ যোগানোর আহ্বানও জানানো হয়েছে এতে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যাশা করছে, এ বৈঠকের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য নিয়ে মারাত্মক হুমকি ঠেকানোর মতো পর্যাপ্ত অর্থেরও সংস্থান হবে।#
পার্সটুডে/মূসা রেজা/২১