কুন্দুজের ওপর সমন্বিত হামলা শুরু করেছে তালেবান
আফগানিস্তানের তালেবান কৌশলগত গুরুত্বপূর্ণ কুন্দুজ প্রদেশের রাজধানী কুন্দুজ শহর দখলের লক্ষ্যে বড় ধরণের হামলা শুরু করেছে। আজ (সোমবার) সকাল থেকে এ হামলা শুরু করে তারা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, খুব ভোর থেকে শহরটির ওপর নানা দিক থেকে সমন্বিত হামলা শুরু হয়েছে। কুন্দুজের ভেতর এবং বাইরে প্রচণ্ড যুদ্ধ শুরু করেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। কুন্দুজের এক পুলিশ কমান্ডার বলেছেন, তালেবানকে প্রতিহত করতে সর্বশক্তি দিয়ে লড়াই চালাচ্ছেন তারা।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কুন্দুজের আকাশে সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। এ ছাড়া, গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে।
আফগানিস্তানের একজন প্রাদেশিক কর্মকর্তা বলেছেন, কুন্দুজ শহরের সি সারাকা অঞ্চলে ঢুকে পড়েছে তালেবান। এ ছাড়া, অন্যান্য এলাকায় যাতায়াতের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কও তালেবান আটকে দিয়েছে।
গত বছরের ২৮ সেপ্টেম্বর ঝটিকা আক্রমণ চালিয়ে কুন্দুজ শহরটি সাময়িকভাবে দখল করে নিয়েছিল তালেবান। ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী দখল করতে সক্ষম হয়েছিল তারা। অবশ্য, ঠিক দুই দিনের মাথায় আফগান সরকারি বাহিনী কুন্দুজের পুনর্দখল নিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৩