আগামী সপ্তাহে তুরস্কে যাচ্ছেন পুতিন
-
ফাইল ফটো
আগামী এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ক সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে আজ (মঙ্গলবার) বলা হয়েছে, ১০ অক্টোবর থেকে পুতিন তুরস্ক সফর করবেন এবং প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকে বসবেন। ইস্তাম্বুলে পুতিন একটি জ্বালানি সম্মেলনেও যোগ দেবেন।
ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ জানিয়েছেন, পুতিন জ্বালানি সম্মেলনে বক্তব্য রাখবেন তবে এরদোগানের সঙ্গে কী কী বিষয়ে আলোচনা হবে সে সম্পর্কে কিছু বলেন নি উশাকভ। এছাড়া, তুরস্কে কয়দিন থাকবেন তাও পরিষ্কার করেন নি তিনি।
গত বছরের নভেম্বরে সিরিয়ার আকাশসীমা থেকে তুরস্ক রাশিয়ার একটি বোমারু বিমান ভূপাতিত করার পর আংকারা ও মস্কোর মধ্যে সম্পর্কের মারাত্মক টানাপড়েন দেখা দেয়। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তুরস্কের সঙ্গে সম্পর্ক কমিয়ে আনে রাশিয়া। এছাড়া তুরস্কের ওপর কয়েক দফা বাণিজ্যিক নিষেধাজ্ঞাও আরোপ করেন প্রেসিডেন্ট পুতিন।
পরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ক্ষমা চাইলে পুতিন তুরস্কের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় গত ৯ আগস্ট রুশ প্রেসিডেন্টের সঙ্গে রাশিয়ার সেন্ট পির্টাসবার্গ শহরে বৈঠক করেন এরদোগান এবং ওই বৈঠকে তিনি পুতিনকে “প্রিয় বন্ধু” বলে সম্বোধন করেছিলেন।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪