পুতিনের সঙ্গে সিরিয়া বিষয়ক আলোচনা করতে চান ওলাঁদ
https://parstoday.ir/bn/news/world-i23188-পুতিনের_সঙ্গে_সিরিয়া_বিষয়ক_আলোচনা_করতে_চান_ওলাঁদ
সিরিয়ার চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের বিরোধিতার ক্ষেত্রে প্যারিসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:৪৬ Asia/Dhaka
  • ফ্রাঁসোয়া ওলাঁদ
    ফ্রাঁসোয়া ওলাঁদ

সিরিয়ার চলমান সংকট নিরসনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। তবে একইসঙ্গে তিনি বলেছেন, সিরিয়া সরকারের প্রতি রাশিয়ার সমর্থনের বিরোধিতার ক্ষেত্রে প্যারিসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

রোববার এক সাক্ষাৎকারে ওলাঁদ বলেন, “ভ্লাদিমির পুতিন সিরিয়া নিয়ে আন্তরিক আলোচনায় আগ্রহী নন। আমি অবশ্য যেকোনো সময় আলোচনায় বসতে রাজি আছি, তবে আমি চাপ কমানো না।”

পুতিনের সঙ্গে আলোচনার বিষয়বস্তুও ঠিক করে রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাস বিরোধী বোমা হামলা বন্ধ, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং মানবিক ত্রাণ পাঠানোর বিষয় নিয়ে আলোচনা হতে হবে।

আগামী ১৯ অক্টোবর প্যারিসে ওলাঁদ ও পুতিনের মধ্যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। কিন্তু ওলাঁদ শুধুমাত্র সিরিয়া সংকট নিয়ে কথা বলতে আগ্রহী বলে ঘোষণা করার পর ওই সাক্ষাতের সূচি বাতিল হয়ে যায়।

ভ্লাদিমির পুতিন

রোববার ওলাঁদের সাক্ষাৎকার প্রচার হওয়ার আগে প্রেসিডেন্ট পুতিন প্যারিসের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, সিরিয়া সংকট নিরসনে যে আন্তর্জাতিক প্রচেষ্টা চলছে তাতে অংশ নিচ্ছে না ফ্রান্স। পুতিন আরো বলেন, রাশিয়া সব সময় সিরিয়া নিয়ে আন্তর্জাতিক সমাজের সঙ্গে ‘বিশেষ করে ফ্রান্সের সঙ্গে’ আলোচনা করতে প্রস্তুত রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, ফরাসি কর্তৃপক্ষ হঠাৎ করে তার সফরের কর্মসূচি পরিবর্তন করে সিরিয়া প্রসঙ্গকে সামনে নিয়ে আসে। এ কারণে এ সফর বাতিলের জন্য প্যারিস সরকারকে দায়ী করেন তিনি। পুতিন বলেন, সিরিয়ার পাশাপাশি আমাদের আলোচনা করার আরো অনেক ইস্যু আছে। শুধু সিরিয়া নিয়ে পড়ে থাকলে তো চলবে না।

সিরিয়ার আলেপ্পো শহরের জঙ্গি অবস্থানে রুশ বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে সম্প্রতি ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব এনেছিল তাতে ভেটো দেয় রাশিয়া। এর ফলে দু’দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭