আফগান সরকারের সঙ্গে গোপন আলোচনার খবর নাকচ করল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i23392-আফগান_সরকারের_সঙ্গে_গোপন_আলোচনার_খবর_নাকচ_করল_তালেবান
আফগানিস্তানের তালেবান কাবুল সরকারের সঙ্গে গোপন আলোচনার কথা নাকচ করে দিয়েছে। অচল হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য এ আলোচনা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু আফগান তালেবান বলেছে, এ সম্পর্কে তাদের কট্টর নীতি অপরিবর্তিত রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ১৪:০৩ Asia/Dhaka
  • আফগান সরকারের সঙ্গে গোপন আলোচনার খবর নাকচ করল তালেবান

আফগানিস্তানের তালেবান কাবুল সরকারের সঙ্গে গোপন আলোচনার কথা নাকচ করে দিয়েছে। অচল হয়ে পড়া শান্তি আলোচনা পুনরায় শুরুর জন্য এ আলোচনা হচ্ছিল বলে দাবি করা হয়েছে। কিন্তু আফগান তালেবান বলেছে, এ সম্পর্কে তাদের কট্টর নীতি অপরিবর্তিত রয়েছে।

আফগান কর্মকর্তারা গতকাল দাবি করেছিলেন, দোহাতে সেপ্টেম্বরের পর তারা দু’দফা তালেবানের সঙ্গে বৈঠক করেছে। দোহাতে তালেবানের রাজনৈতিক দফতর রয়েছে। এদিকে বৈঠকে সংক্রান্ত খবর প্রথম প্রকাশ করেছিল ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

কিন্তু তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতি দিয়ে বৈঠকের কথা প্রত্যাখ্যান করেন। আফগানিস্তানের তোলো টেলিভিশনের খবরে দাবি করা হয়েছিল, আফগান সরকারের গোয়েন্দা প্রধান মোহাম্মদ মাসুম স্তেনেকজাই এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হানিফ আতমার কাতারে এ রকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।

কিন্তু জাবিউল্লাহ মুজাহিদ বলেন, স্তেনেকজাই বা আফগান সরকারের অন্য কোনো প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন নি তালেবান প্রতিনিধিরা। শান্তি আলোচনা নিয়ে তালেবানের ভূমিকার কোনো পরিবর্তন ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে তালেবানের নীতি খুবই পরিষ্কার।

শান্তি আলোচনার শর্ত হিসেবে আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের পুরোপুরি সরিয় নেয়া দাবি অনেক দিন ধরেই জানিয়ে আসছে আফগান তালেবান।#

পার্সটুডে/মূসা রেজা/১৯