জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই রুশ বিরোধী প্রচারণা: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i24163-জনগণকে_বিভ্রান্ত_করার_লক্ষ্যেই_রুশ_বিরোধী_প্রচারণা_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের বিভ্রান্ত করার লক্ষ্যে মার্কিন রাজনীতিবিদরা জনগণের মধ্যে রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল বেছে নিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৮, ২০১৬ ০৩:০০ Asia/Dhaka
  • জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যেই রুশ বিরোধী প্রচারণা: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটারদের বিভ্রান্ত করার লক্ষ্যে মার্কিন রাজনীতিবিদরা জনগণের মধ্যে রাশিয়া-ভীতি ছড়িয়ে দেয়ার অপকৌশল বেছে নিয়েছেন।

তিনি বৃহস্পতিবার রাশিয়ার সুচি নগরীতে পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞদের এক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেছেন, রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে বলে যে দাবি ওয়াশিংটন করছে তা কেউ বিশ্বাস করেছে বলে মনে করবার কোনো কারণ নেই।

মার্কিন কর্মকর্তারা সম্প্রতি অভিযোগ করেছেন, দেশটির ডেমোক্র্যাটিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সার্ভারে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করার লক্ষ্যে মস্কো এ কাজ করেছে বলে দাবি করছে ওয়াশিংটন।

এর প্রতিক্রিয়ায় পুতিন বলেন, মার্কিন নেতাদের এ অপকৌশল প্রমাণ করে, আমেরিকার অভ্যন্তরীণ সংকটের সমাধান নিয়ে তাদের সত্যিই  কোনো কর্মপরিকল্পনা নেই। তাই তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য বিদেশি শত্রুর সন্ধান করছে।

বৃহস্পতিবার রাশিয়ার সুচি নগরীতে পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষজ্ঞদের এক সম্মেলনে ভাষণ দেন পুতিন

রুশ প্রেসিডেন্ট বলেন, “কথিত রুশ হ্যাকার, বিদেশি গুপ্তচর কিংবা অন্য কোনো বিদেশি ষড়যন্ত্রের ভয় দেখিয়ে আমেরিকার জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ছেলেমানুষি নয়কি? সত্যিই কি কেউ বিশ্বাস করবে রাশিয়া আমেরিকার নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে?”

প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমা দেশগুলোতে একটি বিশেষ গোষ্ঠী রয়েছে যারা রাশিয়ার হুমকিকে অতিরঞ্জিত করে তুলে ধরে। এটি তাদের বিশাল সামরিক বাজেটের ব্যাখ্যা দাঁড় করানোর আরেকটি অপকৌশল ছাড়া আর কিছু নয়।

বিশ্বের কোনো দেশের ওপর হামলা চালানোর ইচ্ছা রাশিয়ার নেই বলে উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, কাজেই রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলা বা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যেসব অভিযোগ আনা হচ্ছে তার কোনো ভিত্তি নেই।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮