আফগানিস্তানে বিবাহ অনুষ্ঠানে মর্টার হামলা: নিহত ১২
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। হামলায় আরো ৩০ ব্যক্তি আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছে।
গতকাল (বৃহস্পতিবার) বিকেলে খাওজা সাবজ পোশ জেলার কোসা কালা গ্রামে উগ্র তালেবান গোষ্ঠী হামলা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আফগান তোলো নিউজ টেলিভিশন চ্যানেল জানিয়েছে। নিহতদের মধ্যে পাঁচ শিশু এবং ছয় নারী রয়েছেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।
এদিকে, প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাবেদ দিদার অবশ্য এ ঘটনার ভিন্ন কারণ বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, বেসামরিক লোকজন যখন বিবাহ অনুষ্ঠানে যাচ্ছিলেন তখন তারা হয় রাস্তায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে অথবা মর্টার হামলার মুখে পড়েছেন। আহতদের মধ্যে নববধূও রয়েছেন বলে জানান তিনি।
তবে অত্যন্ত প্রত্যন্ত গ্রামে বিস্ফোরণ ঘটায় এ বিষয়ে বিস্তারিত কিছু জানা সম্ভব হয় নি।পাশাপাশি তালেবান গেরিলা গোষ্ঠী এবং আফগান নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমূল সংঘর্ষের মাঝেই এ হামলার ঘটনা ঘটেছে বলে জানান মুখপাত্র জাবেদ দিদার।#
পার্সটুডে/বাবুল আখতার/৪