পাশ্চাত্যের সিরিয়া নীতি ব্যর্থ হয়েছে: ফ্রাঁসোয়া ফিলন
-
ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলন
পাশ্চাত্যের সিরিয়া নীতি চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ফ্রাঁসোয়া ফিলন। ব্রাসেলসে জার্মান চ্যান্সলর অ্যাঙ্গেলা মার্কেলসহ ইউরোপের মধ্য-ডানপন্থি নেতাদের সঙ্গে এক বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ফিলন বলেন, এখন ইউরোপের উচিত সিরিয়ার সাধারণ মানুষের জীবন রক্ষার লক্ষ্যে সকল পক্ষের সঙ্গে আলোচনায় বসা। ফ্রাঁসোয়া ফিলন বলেন, “আমি ইউরোপীয় নেতাদের বলেছি, আজ আমরা সিরিয়ায় পশ্চিমা কূটনীতি বিশেষ করে ইউরোপীয় কূটনীতির ব্যর্থতা মেনে নিতে বাধ্য হচ্ছি।”
৬২ বছর বয়সি এই ফরাসি অভিজ্ঞ রাজনীতিবিদ এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বৃহস্পতিবার ব্রাসেলসে আরো বলেছেন, এখন ইউরোপের উচিত সিরিয়ায় সংঘর্ষের স্থায়ী অবসানের লক্ষ্যে সব পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে কঠোর চেষ্টা চালানো।
সংবাদ সম্মেলনে সিরিয়া সরকারের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সর্বাত্মক সমর্থনের প্রসঙ্গ তুলে ধরেন ফ্রান্সের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী ফিলন। তিনি বলেন, রাশিয়ার প্রতি তার গভীর সম্মান রয়েছে। পৃথিবীর সর্ববৃহৎ এই দেশটির নেতা যখন একটি সিদ্ধান্ত নেন তখন ইউরোপের উচিত আবেগতাড়িত না হয়ে সে সিদ্ধান্ত মেনে নেয়ার বিষয়টি বিবেচনা করা।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬