রুশ রাষ্ট্রদূত হত্যা: ফোনালাপে যা বললেন এরদোগান ও পুতিন
https://parstoday.ir/bn/news/world-i28708-রুশ_রাষ্ট্রদূত_হত্যা_ফোনালাপে_যা_বললেন_এরদোগান_ও_পুতিন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একমত হয়েছেন যে, মস্কো-আঙ্কারা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে একথা জানান এরদোগান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৬ ০৩:৪২ Asia/Dhaka
  • রুশ রাষ্ট্রদূত হত্যা: ফোনালাপে যা বললেন এরদোগান ও পুতিন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একমত হয়েছেন যে, মস্কো-আঙ্কারা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে একথা জানান এরদোগান।

তিনি বলেন, তুরস্ক ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া চলছে তা নস্যাৎ করতেই এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

রুশ রাষ্ট্রদূতকে হত্যা করে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে ঘাতক

সোমবার শেষ বেলায় তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে প্রকাশ্যে উপস্থিত দর্শকদের সামনে গুলি করে হত্যা করে এক যুবক। পরে ঘাতক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

পরে ঘাতক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলের জন্য মস্কো-আঙ্কারা সম্পর্কের গুরুত্ব অপরিসীম এবং যারা এ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারা সফল হবে না।

ওদিকে এরদোগানের সঙ্গে টেলিফোনালাপের পর পুতিনও রুশ টেলিভিশনে বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে দু’দেশ যখন সহযোগিতা জোরদার করতে শুরু করেছে তখন এ ‘উস্কানিমূলক’ হত্যাকাণ্ড ঘটল।

রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ায় চলমান শান্তি প্রক্রিয়া নস্যাতের পাশাপাশি তুরস্ক-রুশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।  সিরিয়ায় রাশিয়া, তুরস্ক ও ইরান মিলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। পুতিন বলেন, এ হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের খুঁজে বের করার জন্য শিগগিরই রুশ তদন্তকারী দল আঙ্কারা পৌঁছাবে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০