অর্থনৈতিক টানাপড়েন বন্ধ করতে পারে নি সৌদি রাজার বিলাসী ব্যয়
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পড়ে যাওয়ায় অর্থনৈতিক প্রচণ্ড টানাপড়েনের পড়েছে সৌদি আরব। এ সত্ত্বেও দেশটির রাজা সালমানের বিলাসী জীবন যাপনে বিন্দুমাত্র ভাটা পড়ে নি।
মরক্কোর তানগিয়ারে সৌদি রাজার অবকাশ যাপন কেন্দ্রে প্রাসাদ এবং ভবন নির্মাণ অব্যাহত রাখা হয়েছে। অক্টোবর মাসে উপগ্রহ থেকে তোলা ছবিতে দেখা গেছে, এ কেন্দ্রে নতুন দু’টি হেলিপ্যাড, একটি প্রাসাদ এবং অনেকগুলো ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়া, সার্কাসের তাঁবুর চেয়েও বড় তাঁবু বসানো হয়েছে।
৮০ বছর বয়সী রাজা সালমানের অন্যতম প্রিয় এ অবকাশ কেন্দ্র ১৫০০ মিটার প্রাচীরে ঘেরা এবং মরক্কোর রাজকীয় গার্ডবাহিনী এর প্রহরায় নিযুক্ত রয়েছে। কেন্দ্রটির নিজস্ব অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্র এবং রেস্টুরেন্টের আদলে গড়ে তোলা রান্নাঘর আছে।
গত গ্রীষ্মে সালমান এ কেন্দ্র ভ্রমণ করেছিলেন। সে সময়ে সৌদি রাজপরিবারের সদস্যদের ব্যবহারের জন্য সোফার চালিত প্রায় ১০০ গাড়িকে সব সময় তৈরি অবস্থায় রাখা হয়েছে।
সৌদি সংস্কৃত এবং তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনাস আল-কুসাইর লিখিত এক বিবৃতিতে বলেছেন, রাজা সালমানের ব্যক্তিগত তহবিল থেকে অবকাশ যাপন কেন্দ্রটির নির্মাণ কার্যক্রমের খরচের যোগান দেয়া হচ্ছে। এ অর্থ সৌদি সরকার যোগাচ্ছে না বলেও দাবি করেন তিনি।
গত বছর সৌদি আরব ৯৭০০ কোটি ডলার বাজেট ঘাটতিতে পড়েছে। অর্থনৈতিক সংকটের কারণে দেশটির বড় বড় নির্মাণ প্রকল্প স্থগিত করা হয়েছে। পাশাপাশি মন্ত্রী এবং শুরা পরিষদের সদস্যদের বেতন যথাক্রমে ২০ এবং ১৫ শতাংশ কমানো হয়েছে। তখন এ সৌদি রাজার অবকাশ যাপন কেন্দ্রে যথেচ্ছ অর্থ ব্যয় চলছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯