অসাধারণ পদক্ষেপ নিয়েছেন পুতিন: ডোনাল্ড ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i29653-অসাধারণ_পদক্ষেপ_নিয়েছেন_পুতিন_ডোনাল্ড_ট্রাম্প
আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিস্কারের প্রতিশোধ না নেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “অসাধারণ পদক্ষেপ…আমি সব সময় জানতাম তিনি (পুতিন) একজন স্মার্ট ব্যক্তি।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ৩১, ২০১৬ ০৩:৫০ Asia/Dhaka
  • রাশিয়ার একটি সড়কের পাশে বিলবোর্ড যাতে লেখা আছে: ’আসুন আমরা আবার একসঙ্গে মিলে একটি অসাধারণ পৃথিবী গড়ে তুলি।’
    রাশিয়ার একটি সড়কের পাশে বিলবোর্ড যাতে লেখা আছে: ’আসুন আমরা আবার একসঙ্গে মিলে একটি অসাধারণ পৃথিবী গড়ে তুলি।’

আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিস্কারের প্রতিশোধ না নেয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন তাকে স্বাগত জানিয়েছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, “অসাধারণ পদক্ষেপ…আমি সব সময় জানতাম তিনি (পুতিন) একজন স্মার্ট ব্যক্তি।”

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার দেশটি থেকে ৩৫ মার্কিন কূটনীতিক বহিস্কারের প্রস্তাব করলেও প্রেসিডেন্ট পুতিন তা নাকচ করে দেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছিল, আমেরিকার পদক্ষেপের প্রতিবাদে রাশিয়া থেকেও ৩৫ মার্কিন কূটনীতিককে বহিস্কার করা হোক। এজন্য ওই মন্ত্রণালয় মস্কোর মার্কিন দূতাবাসের ৩১ জন এবং সেন্ট পিটার্সবার্গের মার্কিন কনস্যুলেটের চার কূটনীতিকের নামের তালিকাও প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছিল।

কিন্তু প্রেসিডেন্ট পুতিনের দপ্তর ঘোষণা করে, “আমরা মার্কিন কূটনীতিকদের জন্য কোনো সমস্যা তৈরি করব না এবং রাশিয়া থেকে কেউ বহিস্কার হবে না।”

মস্কোর মার্কিন দূতাবাস

রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি তার দেশে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের সন্তানদেরকে তার দপ্তরে ক্রিসমাসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন।  রাশিয়ার অথোডক্স খ্রিস্টানরা ৭ জানুয়ারিতে ক্রিসমাস দিবস উদযাপন করেন।

এ পর্যন্ত পুতিন ও ট্রাম্প পরস্পরের প্রশংসা করে বহুবার বক্তব্য দিয়েছেন।  অনেকে মনে করছেন, ট্রাম্পের শাসনামলে রাশিয়ার সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩১