ট্রাম্পের জন্য রাশিয়া একটি বিজয়: মুখপাত্র
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ না করেই দেশে-বিদেশে একের পর এক সাফল্য পাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ দাবি করেছেন ট্রাম্পের মুখপাত্র সিয়ান স্পাইসার।
তিনি রোববার এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়ার পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা না নেয়ার ঘটনা ভবিষ্যত প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি বিজয়।
ট্রাম্পের আসন্ন হোয়াইট হাউজ মুখপাত্র বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনো প্রেসিডেন্ট নন। তারপরও তিনি দেশে এবং দেশের বাইরে পদক্ষেপ নিচ্ছেন এবং তাতে সাফল্য পাচ্ছেন।
সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হালিরি ক্লিন্টনের পাশাপাশি তার দলের জাতীয় কমিটির ইমেইল হ্যাক করা হয়েছে বলে সাম্প্রতিক সময়ে উইকিলিক্স খবর দেয়। ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে এ ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। পরবর্তীতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও সিআইএ ডেমোক্র্যাটদের এ দাবিকে যথার্থ বলে উল্লেখ করে।
রাশিয়া এ অভিযোগ অস্বীকার করলেও প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশ থেকে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেন। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা পদক্ষেপ না নেয়ার সিদ্ধান্ত নেন। ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র দাবি করেন, ট্রাম্পের আসন্ন দায়িত্ব গ্রহণ উপলক্ষে আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থেকেছেন ভ্লাদিমির পুতিন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২